বাংলাদেশ ফুটবল লিগ

আবাহনীর জয় কিংসের হোঁচট

আবাহনীর জয় কিংসের হোঁচট

জয় দিয়েই বছরের শুরুটা করল আবাহনী লিমিটেড। আজ তারা ৩-০ গোলে হারাল আরামবাগকে। তবে হোঁচট খেয়েছে পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংসকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ফর্টিস এফসি জয় পেয়েছে। তারা ৩-০ গোলে হারায় পিডব্লিউডিকে। লিগে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলেছে। টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসির অর্জন সমান ১৮ পয়েন্ট করে। ১৫ পয়েন্ট নিয়ে তিনে আছে রহমতগঞ্জ। ১৪ পয়েন্ট নিয়ে চারে পুলিশ এফসি এবং ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী রয়েছে পঞ্চম অবস্থানে।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচ উপহার দেয় কিংস ও ফকিরেরপুল। মাত্র ছয় মিনিটেই তিন গোল পায় কিংস। ২৩ মিনিটে সাদউদ্দিন এবং ২৫ ও ২৯ মিনিটে ডরিয়েলটন গোমেজ জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ১৩ মিনিটের ব্যবধানে ম্যাচে ফেরে ফকিরেরপুল। ৭৭ মিনিটে জাহিদ হোসেন, ৮৪ মিনিটে ইরফান হোসেন ও ৯০ মিনিটে বেন ইব্রাহিম গোল করে ফকিরেরপুলকে পয়েন্ট এনে দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। ৯ ও ৬০ মিনিটে গোল করে আবাহনীকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। এর মধ্যে ৪০ মিনিটে আবাহনীর পক্ষে আরেকটি গোল করেন ব্রুনো মাতোস। এদিকে, নতুন বছরের শুরুটা জয়ে রাঙিয়ে দিল ফর্টিস এফসিও।

বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডির বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে পা ওমর বাবু এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওকাফোর ফর্টিসের হয়ে গোল করেন। অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে ১৬ মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। খেলার শেষ দিকে পাউলো হেনরিকের গোলে সমতায় ফেরে পুলিশ। এক ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে দলটি। ১৭ মিনিটে মিনিটে লাল কার্ড দেখেন পুলিশের আমিরুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন