হেডিংলি টেস্টে ভারতকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। সংখ্যায় সংখ্যায় সেসব রেকর্ডের পাতা ঘুরে আসা যাক।
৩৭১
হেডিংলিতে ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। সেই সঙ্গে ভারতের বিপক্ষে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় নেমে জয়। এর আগে ভারতের বিপক্ষেই ২০২২ সালে এজবাস্টনে ৩৭৪ রান তাড়া করে জেতে ইংল্যান্ড।
৩৫০
পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫০ রান। পঞ্চম দিনে ৩৫০ বা এর চেয়ে বেশি রান তাড়ায় নেমে আগে জয়ের রেকর্ড ছিল মাত্র একটি। ১৯৪৮ সালে হেডিংলিতেই পঞ্চম দিনে ইংল্যান্ডের দেওয়া ৪০৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।
১
টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে একই টেস্ট ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করেও পরাজিতের তালিকায় নাম লেখাল ভারত। এর আগে একই ম্যাচে সর্বোচ্চ চার সেঞ্চুরি করে হেরেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ১৯২৮ সালে।
৩
টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে ৩৫০ বা ততোধিক রান হয়েছে তিনবার। আগের দুটিই হয়েছে অ্যাশেজে। ১৯২১ সালে অ্যাডিলেড ও ১৯৪৮ সালে হেডিংলিতে।
১৬৭৩
হেডিংলিতে ভারত ও ইংল্যান্ড দুই ইনিংসে মিলিয়ে করেছে ১৬৭৩ রান, যা দুই দেশের মধ্যকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ১৬১৪ রান উঠেছিল ম্যানচেস্টারে ১৯৯০ সালে, ম্যাচটি ড্র হয়েছিল। সবমিলিয়ে টেস্ট ইতিহাসে কোন এক ম্যাচে ১৬৭৩ রান পঞ্চম সর্বোচ্চ, যেখানে একটি ম্যাচও ড্র হয়নি।
৫
হেডিংলিতে চতুর্থ ইনিংসে ৩০০ বা ততোধিক রানের লক্ষ্য তাড়া করে জয় এসেছে মোটে পাঁচটি। আর মাত্র একটি ভেন্যুতেই চতুর্থ ইনিংসে একাধিকবার ৩০০ বা ততোধিক রান তাড়ায় জয়ের রেকর্ড আছে। ডারবানের কিংসমেইডে চতুর্থ ইনিংসে ৩০০ বা ততোধিক রান তাড়ায় জয়ের রেকর্ড আছে তিনটি।
১৪৯
বেন ডাকেটের ১৪৯ রানের ইনিংসটি চতুর্থ ইনিংসে ভারতের বিপক্ষে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। এর আগে জো রুটের অপরাজিত ১৪২ রান ছিল সর্বোচ্চ (এজবাস্টন, ২০২২ সাল)। একই সঙ্গে ডাকেটের এই ইনিংসটি কোনো ইংলিশ ওপেনারের চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে আছেন মাইক আথারটন (অপরাজিত ১৮৫ বনাম, বনাম দক্ষিণ আফ্রিকা, ১৯৯৫ সাল)।
১৮৮
চতুর্থ ইনিংসে জ্যাক ক্রুলি ও ডাকেটের ১৮৮ রানের জুটি টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয়। প্রথমটি ছিল আথারটন ও গ্রাহাম গুচের (২০৩ বনাম অস্ট্রেলিয়া, ১৯৯১ সাল)।
১২
টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করে পরাজয়ের মুখ দেখেছেন মোট ১২ জন ব্যাটার। যেখানে সবশেষ সংযোজন রিশভ পান্ত। এই তালিকায় পান্তের আগে সবশেষ ব্যাটার ছিলেন ব্রেন্ডন টেলর। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেও পরাজয়ের সাক্ষী হয়েছিলেন জিম্বাবুইয়ান কিংবদন্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

