আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৬-১৭ ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্ট শুরু

স্পোর্টস রিপোর্টার

১৬-১৭ ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্ট শুরু

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটির উদ্যোগে এবং দেশসেরা স্পোর্টস অ্যাপারেলস ব্র্যান্ড তুরাগ অ্যাক্টিভ এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট তুরাগ অ্যাক্টিভ প্রেজেন্টস ইন্টার ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬ পাওয়ার্ড বাই ফিউচার স্পোর্টিং।

গত বছর দায়িত্ব গ্রহণের পরপরই একমি টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের টেবিলে ফিরিয়ে এনেছিল ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এ বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাব এই প্রতিযোগিতায় বিশেষ সহযোগিতা প্রদান করছে।

সারা বাংলাদেশ থেকে ৩০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় লড়বেন। মূলত পুরুষ দলগত এবং মহিলাদের মধ্যে একক টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট, কুয়েট, ইসলামিক বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি, কি গাজীপুর এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও অনেকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, আইইউটি, ড্যাফোডিল, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট এবং স্টেট ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।

এবারের টুর্নামেন্টটি অধিক আকর্ষণীয় হয়ে উঠেছে দেশের শীর্ষ র‍্যাংকিংধারী খেলোয়াড়দের উপস্থিতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়, মৌ, তুশি, আইইউবি’র রামহিম, সাব্বির, নর্দানের ইমন, ড্যাফডিলের সজিব, প্রমিত, তুবা এবং মাহির মতো তারকারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে এই ফেস্টে অংশ নিচ্ছেন।

ফেডারেশন আশা করছে, এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায়ে টেবিল টেনিসের জনপ্রিয়তা আরও বাড়বে এবং ভবিষ্যতের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...