সিলেট টেস্টের দলে সাদমানের বদলি জাকির

স্পোর্টস রিপোর্টার

সিলেট টেস্টের দলে সাদমানের বদলি জাকির

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের ম্যাচে বুকে ব্যথা পান ওপেনার সাদমান ইসলাম। ওই ইনজুরি নিয়ে সিলেটে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। ফলে খানিকটা শঙ্কা ছিল তাকে ঘিরে। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে। সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার জাকির হাসান। সিলেটে ইতোমধ্যে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। এমনকি আজ অনুশীলনও করেছেন।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন জাকির হাসান। ডিপিএলে ঢাকা লিওপার্ডসের হয়ে চার ম্যাচে একটি করে ফিফটি ও সেঞ্চুরির দেখা পান তিনি। এছাড়া এনসিএলের সব শেষ আসরে এক ফিফটি ও পাঁচ সেঞ্চুরিতে ৬২৮ রান এসেছে তার ব্যাটে। সব মিলিয়ে দারুণ ছন্দে থাকায় ফের জাতীয় দলে ডাক পেলেন জাকির হাসান। অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়া জাকির সব শেষ ২০২৪ সালে জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলেছিলেন।

বিজ্ঞাপন

সাদমানের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মিরপুর টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পান। বুকে খানিকটা থেঁতলে গেছে এবং ব্যথা আছে। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তিনি থাকছেন না।’

সিলেট টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়া সাদমান গতকালই ঢাকায় ফিরে এসেছেন। এর আগে জাকির হাসান গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, ইনজুরির কারণে দল থেকে বাদ পড়তে পারেন সাদমান ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন