সুযোগ-সুবিধাহীন ভেন্যুতে বরিশালের অনুশীলন!

সুযোগ-সুবিধাহীন ভেন্যুতে বরিশালের অনুশীলন!

‘ভাই, ১০-১৫ বছর ধরে স্টেডিয়ামের সামনের রাস্তায় দৌড়ে ফিটনেস ক্যাম্প করছি। এখনো সেটাই হয়’- বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের ফিটনেস ক্যাম্প শুরুর হওয়ার আগ মুহূর্তে মুঠোফোনে এভাবেই বলছিলেন দলটির এক ক্রিকেটার। স্টেডিয়ামে চলমান সংস্কার কাজ ও জিম সুবিধা না থাকার পরও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও টিম ম্যানেজারের চাওয়ায় নিজ বিভাগে অনুশীলন করছে বরিশাল দল। অথচ বিসিবি থেকে প্রস্তুতি শুরুর তারিখ ঘোষণা পর শোনা গিয়েছিল ঢাকায় অনুশীলন করবে বরিশাল। তবে ফিটনেস ও স্কিল ক্যাম্পের জন্য বিসিবি থেকে প্রাপ্ত বরাদ্দ পর্যাপ্ত নয় বলেই ঢাকায় অনুশীলন না করে বরিশালে অনুশীলন করছে দলটি-এমনটাই জানা গেছে দলসূত্রে।

বরিশালের এক ক্রিকেটার মুঠোফোনে বলেন, ‘বরাদ্দ আগে যেমন ছিল, এখনো তাই আছে। গত এক-দুই বছর ওই বরাদ্দে ঢাকায় অনুশীলন করা গেলে, এখনো করা যেত। শুধু টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণে সুযোগ-সুবিধা না থাকার পরও বরিশালে অনুশীলন করতে হচ্ছে।’ অথচ, দীর্ঘসময় ধরে সংস্কার কাজের কারণে বন্ধ আছে বরিশাল বিভাগীয় স্টেডিয়াম। এমনকি সেখানে বিসিবি কিংবা বিভাগীয় ক্রীড়া সংস্থার অধীনে নেই কোনো জিম। ফলে অন্য একটি জিম ভাড়া নিয়ে অনুশীলন করতে হচ্ছে বরিশাল দলকে। বরিশালের ওই জিম নিয়ে কোনো অভিযোগ নেই ক্রিকেটারদের। তবে রানিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় পিচ ঢালা রাস্তায় রানিং করা নিয়ে অভিযোগ করেছেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

এ নিয়ে দলটির টিম ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে বিসিবি জানায়, এনসিএলের দলগুলো কোথায় অনুশীলন করবে এ সিদ্ধান্ত নেয় বিভাগীয় ক্রীড়া সংস্থা। তাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে সেটা শুধু বিসিবি করে।

ফিটনেস ক্যাম্পে রানিংয়ের জায়গা হিসেবে রাস্তাকে বেছে নেওয়া বরিশাল দলের স্কিল অনুশীলনের কোনো সুযোগ নেই এখানে। মাঠের পাশে থাকা ইনডোরে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। ফলে এনসিএল শুরুর আগে দলগুলোকে কোথায় স্কিল অনুশীলন করানো হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বরিশাল টিম ম্যানেজমেন্ট। এমনকি ক্রিকেটারদেরও জানানো হয়নি কোথায় হবে তাদের অনুশীলন। তবে সব মিলিয়ে এনসিএল শুরুর আগে এমন অগোছালো প্রস্তুতিতে অসহায়ত্বই প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন