ক্রিকেটে একটি বল কিংবা ফুটবলে এক সেকেন্ডের গ্যারান্টি নেই, কথাটি চিরন্তন সত্য। আর সেই ধ্রুব সত্যের স্বাক্ষী হলো বার্সেলোনা এবং পিএসজি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শেষ সময়ের গোলে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে।
চোটের জন্য দুই দলই এই ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছে। ম্যাচের শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান তোরেস। আর প্রথমার্ধের শেষ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুলু। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো রামোস।
এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠল পিএসজি। নিজেদের প্রথম দুই ম্যাচে জিতল গত আসরের চ্যাম্পিয়নরা। তবে গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে শীর্ষ দুইয়ে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা নেমে গেছে ১৬ নম্বরে। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের।
দিনের আরেক ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তাদের হয়ে দুটি গোল করেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও বুকায়ো সাকা। টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আর্সেনাল। দুটি করে জয় পাওয়া দলগুলোর মধ্যে তাদের চেয়ে পেছনে আছে কেবল কারাবাখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

