এশিয়ান কাপের অভিষেক ম্যাচে নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে সাহসী ও আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। এশিয়ার পরাশক্তি চীনকে চমকে দিয়ে যখন প্রশংসায় ভাসছে বাংলাদেশের মেয়েরা, তখন বিতর্কিত এক মন্তব্য করলেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। গত বুধবার ঢাকায় সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ণ করতে গিয়ে কিরণ বলেন, ‘চীনকে আমার অনেক বেশি বয়স্ক দল মনে হয়েছে। তারা ম্যাচে মাঝে মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফ ফর্মে আছে, ফর্ম নেই। আমি আগেও চীনের খেলা দেখেছি। এই ম্যাচ দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, যে তারা কী দল নিয়ে এসেছে।’
এমন মন্তব্যের জবাবে কিরণকে ‘ননসেন্স’ বললেন বাংলাদেশ নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার। ৬ মার্চ শুক্রবার গ্রুপ পর্বের নিজেরে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বৃহস্পতিবার সিডনিতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কিরণের বেফাঁস মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে কোচ বাটলার বলেন, ‘এই প্রশ্নের একমাত্র জবাব সেটি আমি দিতে পারি, তা হলো- এটি সম্পূর্ণ ননসেন্স কথা-বার্তা। আমি মনে করি, বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা মোটেই উচিত হয়নি। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত ছিল। সেটি শুধু খেলোয়াড়দের প্রতি নয়, পুরো দলের প্রতি।’
বাটলার ক্ষেপে গিয়ে আরো বলেন, ‘চীন অবশ্যই শক্তিশালী একটি দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (বাংলাদেশের নারী লিগের দল) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজি’র হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের খেলে না; তারা ফ্রান্সে এবং চীনে সুপার লিগে খেলে। তাই আমি মনে করিম তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক মন্তব্য এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় রেখেছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

