আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

অঞ্চলভেদে ব্যাংকের শাখা বা অন্যান্য ব্যবসা কেন্দ্রের স্থাপনা ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সীমার মধ্যে ভাড়া থাকলে এখন আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। তবে নির্ধারিত সীমার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে ব্যবসা কেন্দ্রের জন্য ভাড়া বা ইজারা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে। একইভাবে নতুন চুক্তি করা বা বিদ্যমান চুক্তি নবায়নও করা যাবে। তবে নির্বাচিত ভবনের মালিক যদি ব্যাংকের কোনো পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি হন, সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। এছাড়া বিদ্যমান চুক্তির মেয়াদ পূর্তির আগে ব্যবসা কেন্দ্র স্থানান্তর, প্রধান কার্যালয় এবং নিয়ন্ত্রণাধীন বিভাগের জন্য ভাড়া বা ইজারা গ্রহণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে। অগ্রিম প্রদান, ব্যবসা কেন্দ্র স্থাপনা ব্যয়, ভাড়া বৃদ্ধির হারসহ অন্যান্য বিষয়ে আগের নির্দেশনা অনুসরণ করতে হবে। এ জন্য অঞ্চলভেদে ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্ধারিত হার অনুযায়ী, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া হবে ১০৪ টাকা। ঢাকার ‘ক’ শ্রেণির পৌরসভায় ২৮ টাকা এবং পল্লী এলাকায় ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম এলাকায় যথাক্রমে ৬১, ২৭ ও ২০ টাকা; রাজশাহী এলাকায় ৩৪, ২৫ ও ১৩ টাকা; সিলেট এলাকায় ৪০, ২২ ও ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। খুলনা এলাকায় ভাড়া হবে ৩৪, ২১ ও ১৩ টাকা; রংপুর এলাকায় ৪৫, ১৭ ও ১৩ টাকা; এবং বরিশাল এলাকায় ৪৮, ২০ ও ১৪ টাকা। অন্যদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া ৩৬ টাকা, ‘ক’ শ্রেণির পৌরসভায় ১৯ টাকা এবং পল্লী এলাকায় ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ভবনের অবস্থান, ফ্লোরের অবস্থান এবং স্থাপনার মান বিবেচনায় ভাড়ার হার নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...