অস্ট্রেলিয়ান ওপেন

কোয়ার্টারেই জোকোভিচ-আলকারাজের মহারণ

স্পোর্টস রিপোর্টার

কোয়ার্টারেই জোকোভিচ-আলকারাজের মহারণ
নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ

নোভাক জোকোভিচ-কার্লোস আলকারাজের মহারণ- জিভে জল এনে দেওয়ার মতো এমন লড়াই উপভোগের অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা। শেষমেশ তাদের চাওয়াটাই পূরণ হলো। কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে দুই তারকার। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটের টিকিট নিশ্চিতের পথে সার্বিয়ান তারকা হারিয়েছেন জিরি লেহেকাকে।

চতুর্থ রাউন্ডের ম্যাচে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষকে ৬-৩, ৬-৪ ও ৭-৬ (৭-৪) গেমে ধরাশায়ী করেন জোকোভিচ। মেলবোর্ন পার্কের এ জয়ে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক এ নাম্বার ওয়ান। সেমিফাইনালে উঠার লড়াইয়ে স্প্যানিশ তারকা আলকারাজ নিজের নাম লিখেছেন ওয়াকওভার পেয়ে। রোববার ব্রিটিশ নাম্বার ওয়ান জ্যাক ড্যাপার হিপ ইনজুরির জন্য ম্যাচ ছেড়ে দিয়েছেন। তার আগে অবশ্য কোর্টের লড়াইয়ে ৭-৫ ও ৬-১ গেমে এগিয়ে ছিলেন আলকারাজ।

মেজর ট্রফির ফাইনালে দুই সুপারস্টারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আলকারাজই এগিয়ে। উইম্বলডনের গত দুই ফাইনালে স্পেনের এ তরুণ হৃদয় ভেঙে দেন জোকোভিচের। তবে প্যারিস অলিম্পিকের স্বর্ণ জয়ের দৌড়ে শেষ হাসি হাসেন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। গ্যালারির দর্শকরা জোকোভিচকে দুয়ো দিচ্ছিলেন। আর লেহেকা চতুর্থ সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত জিতেই দ্রুত রড লেভার এরেনা ছাড়েন জোকোভিচ।

ছেলেদের এককে জয়ের দেখা পেয়েছেন আলেকজান্ডার জভেরেভ। জার্মানির এ তারকা ৬-১, ২-৬, ৬-৩ ও ৬-২ গেমে জেতেন ফ্রান্সের উগো হামবার্টের বিপক্ষে। আর মেয়েদের এককে জয়ের হাসি হেসেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এ তারকা ৬-১ ও ৬-২ গেমে ধরাশায়ী করেন রাশিয়ার মিরা আন্দ্রেভাকে। কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কার সঙ্গী হয়েছেন কোকো গাউফ। মার্কিন এ তরুণী ৫-৭, ৬-২ ও ৬-১ গেমে হারান সুইস তারকা বেলিন্ডা বেনচিচকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: