ব্যাটিং নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটের ওপর ভর করে এগিয়ে যাচ্ছে টাইগাররা। পাওয়ার প্লেতে খেলার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে সফরকারীরা। সংযুক্ত আরব আমিরাত সফরে সেঞ্চুরিয়ান ইমন ৩৫ রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন। তার ২০ বলের ইনিংসে রয়েছে ৪ বাউন্ডারি ও ২ ছক্কা। আর ১৭ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন তানজিদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান রান সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। এই ম্যাচ বাংলাদেশের জন্য মান বাঁচানোর। হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এই সিরিজ ভুলেই যেতে চাইবেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে ব্যর্থতার জালে বারবার আটকে যাচ্ছেন তিনি। পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই টস হেরেছেন লিটন কুমার দাস। শেষ ম্যাচে তাই টস ভাগ্যও বদলানোর আশাই হয়তো করবেন লিটন।
সিরিজের শেষ ম্যাচটি জিতলে প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষা ফুরোবে পাকিস্তানের। ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে সবশেষ হোয়াইটওয়াশ করেছিল তারা। এরপর ১১ সিরিজ খেলে একটিতেও সব ম্যাচ জিততে পারেনি পাকিস্তান।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ: আগা সালমান (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলী ও আবরার আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

