আইসিসি নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় পর দলে ফিরেছেন জান্নাতুল ফেরদৌস সুমনা এবং সাথি রানি।
২২ মাস পর জাতীয় দলে ডাক পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই অফস্পিনার।
প্রায় ২ বছর পর দলে ডাক পেয়েছেন সাথি রানি। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই ওপেনিং ব্যাটার।
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। নতুন অধিনায়ক নাহিদা আক্তারের দায়িত্ব শুরু হচ্ছে এই টুর্নামেন্ট থেকেই। অধিনায়কত্ব ছাড়া নিগার অবশ্য এই সিরিজের স্কোয়াডে আছেন।
পেস ইউনিটে বড় ভরসা মারুফা আক্তার চোটের কারণে এই সিরিজে থাকছেন না। অনিশ্চিত ডিসেম্বর মাসের নিউজিল্যান্ড সফরেও। ফলে ইমার্জিং নেশন্স ট্রফিতেও থাকছেন না তিনি।
টুর্নামেন্টের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের আজমানে। গ্রুপ ‘বি’ তে খেলবে বাংলাদেশ দল। সঙ্গী হিসেবে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড এবং নেদারল্যান্ডস। ১২ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৫ নভেম্বর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১২ নভেম্বর অভিযান শুরু করবে বাংলাদেশ দল।
টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। প্রতি গ্রুপ থেকে ৩ দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে।
বাংলাদেশ নারী দল
নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

