তিন গেমসে ৫০ ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ

তিন গেমসে ৫০ ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ

এশিয়ান ইয়ুথ গেমস, সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমস মিলে মোট ৫০ ডিসিপ্লিনে পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনীপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় আসন্ন তিনটি গেমসে ৫০ ডিসিপ্লিনে খেলোয়াড় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৪তম সাউথ এশিয়ান গেমসের আসর। গত আসরে ২৫ ডিসিপ্লিনে অংশ নেয় বাংলাদেশ। এবার ২৬ ডিসিপ্লিনে অংশ নেবে লাল-সবুজ প্রতিনিধিরা। বাড়তি ডিসিপ্লিনটি হল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।

এই গেমসের শেফ দ্য মিশন করা হয়েছে বিওএ সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরকে।

অন্যদিকে, ২২ থেকে ৩১ অক্টোবর বাহরাইনে হবে এশিয়ান ইয়ুথ গেমস। এ আসরে ১৩ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। বাহরাইনে লাল-সবুজ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন নির্বাচিত করা হয়েছে বিওএ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে।

এছাড়া ৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে হবে ইসলামিক সলিডারিটি গেমস। বাংলাদেশ অংশ নেবে অ্যাথলেটিকস, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল (থ্রি এ সাইড), জুডো ও তায়কোয়ান্দোয়।

এই গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন করা হয়েছে অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরীকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন