তিন ম্যাচ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে ধবল ধোলাইয়ের লজ্জা এড়াল চারিথ আসালাঙ্কার দল।
এর আগে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড। শেষ ম্যাচ হারায় ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল ব্ল্যাক ক্যাপসরা।
অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৯০ রান তোলে সফরকারী দল। জবাবে লঙ্কানদের বোলিং তোপে পড়ে ২৯.৪ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
বাকিদের ব্যর্থতার দিনে স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে লড়াই করেন কেবলমাত্র মার্ক চ্যাপম্যান। ৮১ বলে সমান রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন নাথান স্মিথ। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো, মাহেশ থিকশানা ও ইশান মালিঙ্গা তিনটি করে উইকেট নেন।
এর আগে তিন ফিফটিতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬৬ রান করেন পাথুম নিশাঙ্কা। কুশাল মেন্ডিস ৫৪ ও জানিথ লিয়ানাগে করেন ৫৩ রান। এছাড়া কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪৬ রান। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হেনরি। চার ব্যাটারকে ফেরান তিনি। এছাড়া মিচেল সান্টনারের শিকার দুটি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৯০/৮ (৫০ ওভার)
নিশাঙ্কা ৬৬, মেন্ডিস ৫৪
হেনরি ৪/৫৫
নিউজিল্যান্ড: ১৫০/১০ (২৯.৪ ওভার)
চ্যাপম্যান ৮১, স্মিথ ১৭
ফার্নান্দো ৩/২৬
ফল: শ্রীলঙ্কা ১৪০ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বাজিমাত