বাধার সমুদ্র পেরিয়ে এক অনন্য স্বপ্নগাথা

‘পুরুষের ছন্দবেশ’ থেকে ফারিবার রুপালি হাসি

‘পুরুষের ছন্দবেশ’ থেকে ফারিবার রুপালি হাসি

জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার অধ্যায়গুলোকে অতিক্রম করেই থেমে যাননি, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছেন নতুন এক ইতিহাস। যার কথা বলা হচ্ছে, তিনি আর কেউ ননÑআফগান সাইক্লিস্ট ফারিবা হাশিমি। জাপানের নাগায়োয় এশিয়ান গেমসে নারীদের রোড রেসে রৌপ্যপদক জিতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ২৩ বছর বয়সি এই ক্রীড়াবিদ।

বর্তমানে ইতালিতে বসবাস করেন ফারিবা। প্রশিক্ষণও নিয়েছেন সেখানে। মঙ্গলবারের এই সাফল্যকে ‘বিশেষ কিছু’ হিসেবেই বর্ণনা করেছেন তিনি। অথচ একসময় শুধু সাইক্লিং চালিয়ে যাওয়ার জন্য তাকে পুরুষের ছদ্মবেশ পর্যন্ত ধারণ করতে হয়েছিল।

বিজ্ঞাপন

ফারিবাই জানান, কৈশোরে তিনি ও তার বোন ইউলদুজ হাশিমি একসঙ্গে সাইক্লিং শুরু করেন। ইউলদুজও একজন পেশাদার সাইক্লিস্ট। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রতিনিয়ত স্থানীয়দের বৈরী আচরণের মুখোমুখি হতে হতো তাদের; এমনকি তাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হতো বলেও স্মৃতিচারণ করেন। ২০২১ সালে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তাদের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পরে বিশ্বচ্যাম্পিয়ন সাইক্লিস্ট আলেসান্দ্রা ক্যাপেলোত্তোর সহায়তায় তারা ইতালি পাড়ি জমান এবং পেশাদার ক্যারিয়ার পুনর্গঠন শুরু করেন।

নাগায়োয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়া মোটেও সহজ ছিল না। কোনো ব্যক্তিগত মেকানিক না থাকায় ফারিবা এবং তার ছোট দলকে নিজেদেরই সাইকেল মেরামতের কাজ সারতে হয়। ফারিবা বলেন, ‘আমি নিজেই নিজের মেকানিক ছিলাম।’ তবে পরে জাপানি দল তার সাইকেল মেরামতে এগিয়ে আসে।

বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে অর্জিত এই এশিয়ান গেমসের পদকটি তার ক্যারিয়ারে আরেকটি বড় সংযোজন। এর আগে দুই বোন প্যারিস অলিম্পিকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন। এবার তাদের নজর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের দিকে।

পদক জয়ের পর ফারিবা বলেন, ‘আমি আশা করি পরবর্তী প্রজন্ম কোনো ভয় ছাড়াই বিশ্বমঞ্চে তাদের দেশের প্রতিনিধিত্ব করতে আসবে। এই রৌপ্যপদক আফগান নারীদের অদম্য সহনশীলতার প্রতীক।’ ঘরের কোণে বন্দি থেকে স্বপ্নের পথ খোঁজা নারীদের উদ্দেশে তিনি এ জয় উৎসর্গ করেন।

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে গোপনে অনুশীলনের দিনগুলো থেকে শুরু করে নাগায়োয় এশিয়ান গেমসের পোডিয়ামে দাঁড়ানোÑফারিবা হাশিমির এই পথচলা কেবল সাইক্লিংয়ের জয় নয়; এটি বছরের পর বছর ধরে চলা অদম্য জিদ এবং আন্তর্জাতিক মঞ্চে স্বপ্ন দেখতে থাকা কোটি তরুণীর জন্য এক অসীম অনুপ্রেরণার গল্প।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন