ফিরল শ্রীশান্ত-হরভজনের চড় কাণ্ডের স্মৃতি

ফিরল শ্রীশান্ত-হরভজনের চড় কাণ্ডের স্মৃতি

আইপিএলের ২০০৮ সালের আসরে শ্রীশান্তকে চড় মারেন হরভজন সিং। কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে ঘটেছিল সেই ঘটনা। এরপর বিষয়টা নিয়ে আলোচনা থেমে গেলেও ফের ১৭ বছর পর ফিরল ঘটনা। হরভজন-শ্রীশান্তের চড় কাণ্ডের ভিডিও সামনে এনেছেন আইপিএলের তখনকার চেয়ারম্যান ললিত মোদি।

সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের ‘বিয়ন্ড২৩’ পডকাস্টে এ বিষয়ে কথা বলেছেন তিনি। ভিডিও সামনে এনে ললিত মোদি বলেছেন, ‘আমি বলছি কী ঘটেছিল। খেলা শেষ হয়ে গেছে, ক্যামেরা বন্ধ। শুধু নিরাপত্তা ক্যামেরাগুলো চালু ছিল। খেলোয়াড়েরা হাত মেলাচ্ছিলেন, হাই-ফাইভ করছিলেন। শ্রীশান্তের কাছে আসতেই ভাজ্জি শুধু বলল, “এদিকে আয়”, তারপরই দিল একটা ব্যাকহ্যান্ড চড়।’

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, ম্যাচের শেষে সাধারণত যেভাবে ক্রিকেটাররা সৌজন্য বিনিময় করেন, সেভাবেই সারি বেঁধে শুভেচ্ছা বিনিময় চলছিল। শ্রীশান্ত সামনে এলে হরভজন করমর্দন না করে টেবিল টেনিসের ব্যাকহ্যান্ড শটের মতো করে ডান গালে সপাটে চড় কষিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রীশান্তও তেড়ে যান। প্রায় হাতাহাতির উপক্রম হয়। সৌভাগ্যক্রমে তখনই শ্রীশান্তকে ধরে ফেলেন ইরফান পাঠান ও মাহেলা জয়াবর্ধনে।

শ্রীশান্তের দলের অধিনায়ক যুবরাজ সিং হরভজনের চড়ের ঘটনাকে ‘কুৎসিত ও অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করেছিলেন। বিসিসিআই হরভজনকে সেই মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে নিষিদ্ধ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন