রেকর্ড ৪২২ রানের পর মিরপুরে রানখরা চলছেই

রেকর্ড ৪২২ রানের পর মিরপুরে রানখরা চলছেই

ক্রিকেটপাড়ায় কান পাতলেই শোনা যায়- মিরপুরের উইকেটে রান হয় না। ওই কলঙ্ক খানিকটা ঘুচে যায় প্রাইম ব্যাংকের করা রেকর্ড দলীয় সর্বোচ্চ ৪২২ রানের পর। তখন মনে হয়েছিল মিরপুরেও রান হওয়া সম্ভব। কিন্তু না, প্রাইম ব্যাংকের ওই রেকর্ডের পর মিরপুরে টানা দুই ম্যাচ শেষ হয়েছে লাঞ্চের আগে। ওয়ানডে ম্যাচ লাঞ্চের আগে শেষ হবে- এমন দৃশ্যের দেখা মেলে তো কালেভদ্রে। ওটাই মিরপুরে হয়েছে টানা দুই ম্যাচে।

গত ৯ মার্চ নাঈম শেখের ক্যারিয়ারসেরা ১৭৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৪২২ রান, যা বাংলাদেশের মাটিতে হওয়া লিস্ট ‘এ’ ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ইতিহাসেও এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ওই ম্যাচের পর হওয়া দুই ম্যাচে আগে ব্যাট করা দুদল আউট হয়েছে যথাক্রমে ৬৯ ও ১০০ রানে। গত ১০ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। ছোট ওই লক্ষ্য রূপগঞ্জ তাড়া করেছে ৯.৩ ওভারে, কোনো উইকেট না হারিয়েই। লাঞ্চের আগেই ম্যাচ শেষ।

বিজ্ঞাপন

গতকালও প্রায় একই দৃশ্যের অবতারণা হয়েছে মিরপুরে। এবার আবাহনীর বিপক্ষে ঠিক ১০০ রানে অলআউট পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৩৩ ওভারে মাত্র ১০০ রানে অলআউট পারটেক্স। আবাহনীর তরুণ মাহফুজুর রহমান রাব্বি ৯ ওভারে ১৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।

ইমন ৫০ বলে ৫৫ ও সৈকতের ২৭ বলে ৩৭ রানে আবাহনী মাত্র ১৪.৩ ওভারে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন