আগের ম্যাচেই প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্য দলের কারণে সেটা না হলেও নিউ ইয়র্কের বিপক্ষে ম্যাচটিতে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করতে ভুলল না ইন্টার মিয়ামি। লিওনেল মেসির জাদুতে নিউইয়র্ক সিটি এফসির মাঠে ৪-০ গোলের জয়ে এমএলএস কাপের প্লে–অফে উঠল হাভিয়ের মাচেরানোর দল। ম্যাচে দুটো গোল করেছেন মেসি, করিয়েছেন একটি।
ম্যাচটি হয়ে রইলো মেসিময়। দুই অর্ধেই ইতিহাসে নাম লেখান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৪৩তম মিনিটে দলের মিডফিল্ডার ব্যালটাজার রদ্রিগেজকে দিয়ে গোল করিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন মেসি।
বিরতির পর ৭৪ ও ৮৬ মিনিটে করেন দারুণ দুটি গোল। জোড়া গোলের মধ্যে দিয়ে এমএলএসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করলেন মেসি। জোড়া গোলের মাঝখানে বন্ধু লুইস সুয়ারেজকেও উপহার দিলেন পেনাল্টি, মিস করলেন হ্যাটট্রিক। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।
জোড়া করার মধ্যে দিয়ে মেজর লিগ সকারে এবারের মৌসুমে শীর্ষ গোলদাতার জায়গাও দখল করলেন মেসি। ২৩ ম্যাচে করলেন ২৪ গোল। ২৮ ম্যাচে ২২ গোল নিয়ে দুইয়ে লস অ্যাঞ্জেলস এফসি উইঙ্গার ডেনিস বউয়ানগা।
এই জয়ল এমএলএসে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে ইন্টার মিয়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এবার সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ আছে মিয়ামির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

