ভারত-ইংল্যান্ড লিডস টেস্ট

তিন সেঞ্চুরি, ব্যাটিং ধসের পর বৃষ্টি

তিন সেঞ্চুরি, ব্যাটিং ধসের পর বৃষ্টি

লিডস টেস্টের দ্বিতীয় দিনটি নিজেদের করে নিতে পারল না ভারত। তাদের সামনে সুযোগ ছিল প্রথম ইনিংসে ৫০০ ছাড়িয়ে যাওয়ার। তবে মিডল অর্ডারের সঙ্গে লোয়ার অর্ডারের ব্যাটিং ধসে সেটা হলো না। ১১৩ ওভারে ৪৭১ রানেই থামল ভারতের প্রথম ইনিংস। দিনের প্রাপ্তি বলতে ঋষভ পান্তের সেঞ্চুরি। এর আগে প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল (১০১) ও শুভমান গিল (১৪৭)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা, ব্যাট করতে নামেনি ইংল্যান্ড।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেই দলকে ৪০০ রানের ঘর পার করান গিল ও পান্ত। এরপর ড্রিংকস বিরতি থেকে ফিরেই শতরানের ঘর স্পর্শ করেন পান্ত। ১৪৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন এই উইকেটকিপার ব্যাটার। গিলের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন ২০০ রান। এরপরই বিদায় নেন গিল। দলীয় ৪৩০ রানের মাথায় তাকে ১৪৭ রানে তাকে ফেরান জশ টং।

বিজ্ঞাপন

এরপরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। পান্ত ১৩৪ রান করে আউট হতেই তাসের ঘরের মতো ধসে পড়ে ভারতের ব্যাটিং। পান্তের পরের ৬ ব্যাটারের মধ্যে একমাত্র রবীন্দ্র জাদেজাই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন (১১)। বাকিদের রান ছিল মোবাইলের ডিজিট! একে একে ফিরে যান কারুন নায়ার (০), শার্দুল ঠাকুর (১), জসপ্রীত বুমরাহ (০) ও প্রসিধ কৃষ্ণ (১)। সিরাজ অপরাজিত ছিলেন ৩ রানে।

ইংল্যান্ডের পক্ষে সমান চারটি করে উইকেট নেন জশ টং ও অধিনায়ক বেন স্টোকস। একটি করে উইকেট দখল করেন ব্রেন্ডন কার্স ও শোয়েব বশির।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ১১৩ ওভারে ৪৭১/১০ (গিল ১৪৭, পান্ত ১৩৪, জয়সওয়াল ১০১; স্টোকস ৪/৬৬, টং ৪/৮৬)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন