প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল শিরোপা জেতা, বিরাট কোহলির মাঠে হাঁটু গেড়ে বসা, দুহাত দিয়ে ভেজা চোখ ঢাকা কিংবা খেলোয়াড়দের প্রবল উচ্ছ্বাস, এর কোনোটাই এখন আর খবরের শিরোনাম নয়। এসব মুখরোচক খবর ঢাকা পড়েছে প্রাণহানি নামক করুণ শব্দে।
আইপিএলের ১৮তম আসরে এসে প্রথম শিরোপার দেখা পাওয়া- স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে কাজ করেছে বাড়তি উন্মাদনা। এমন দিনকে স্মরণীয় করে রাখতে নিজেদের হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বেঙ্গালুররু লাখো ভক্ত। সেখানেই ঘটে হৃদয় বিদারক ঘটনাটি।
ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামের পদদলিত হয়ে নিহত হয়েছেন ১১ জন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে ইতিহাস রচনা করে বেঙ্গালুরু। তাই বুধবার (৪ মে) চিন্নাস্বামী স্টেডিয়ামে জয়ী দলের জন্য সংবর্ধনার আয়োজন করেন কর্ণাটকের মূখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। এমন মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে হাজির হতে থাকেন সমর্থকরা। এদের বেশিরভাগই ভেতরে প্রবেশ করতে পারেননি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেলের দিকে স্টেডিয়ামের হাজারো দর্শকের সামনে শিরোপা উঁচিয়ে ধরেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। এ সময় বাইরে থাকা সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তাতেই পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

