সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিছু নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। তারই অংশ হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ারপ্লেতে পাল্টানো হলো নিয়ম। এখন থেকে বলের হিসেবে নির্ধারণ করা হবে পাওয়ারপ্লের ওভারসংখ্যা। আগে যেটা করা হতো পূর্ণ ওভারসংখ্যায়। সেই সঙ্গে ৩০ গজ বৃত্তের বাইরে ফিল্ডার রাখার নিয়মেও এসেছে পরিবর্তন, যা ২ জুলাই থেকে কার্যকর হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ইনিংসে পাওয়ারপ্লে ৬ ওভারের, যা মোট ওভারের ৩০ শতাংশ। কোনো কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লের ওভারসংখ্যাও কমানো হয় এবং সেটা পূর্ণ ওভারসংখ্যায়। নতুন নিয়মে পাওয়ারপ্লে ৩০ শতাংশই থাকছে, তবে সেটা ইনিংসে মোট বলসংখ্যায় নির্ধারণ করা হবে। তাতে যা দাঁড়ায়, কোনো ইনিংসের ওভারসংখ্যা কমিয়ে ৯ ওভারে আনলে ইনিংসে মোট বল হয় ৫৪টি। এই ৫৪ বলের ৩০ শতাংশ ১৬.২ বল অর্থাৎ পাওয়ারপ্লে হবে ২.৪ ওভার (১৬ বল)।
একইভাবে সর্বনিম্ন ৫ ওভার খেলার হিসেবে পাওয়ারপ্লে থাকবে ১.৩ ওভার, ৬ ওভারের ম্যাচে ১.৫ ওভার, ৭ ওভারের ম্যাচে ২.১ ওভার, ৮ ওভারের ম্যাচে ২.২ ওভার, ৯ ওভারের ম্যাচে ২.৪ ওভার, ১০ ওভারের ম্যাচে ৩ ওভার, ১১ ওভারের ম্যাচে ৩.২ ওভার, ১২ ওভারের ম্যাচে ৩.৪ ওভার, ১৩ ওভারের ম্যাচে ৩.৫ ওভার, ১৪ ওভারের ম্যাচে ৪.১ ওভার, ১৫ ওভারের ম্যাচে ৪.৩ ওভার এবং ১৬ ওভারের ম্যাচে ৪.৫ ওভার। এ সময় ৩০ গজ বৃত্তের বাইরে দুজনের বেশি ফিল্ডার থাকতে পারবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

