ফুটবল মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। বার্সেলোনার জার্সিতে গড়েছেন একের পর এক ইতিহাস, আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। এবার মাঠের বাইরের অবদানসহ বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। স্পেনের রাজপরিবারের উপস্থিতিতে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর এই সম্মাননায় গর্বিত তার সাবেক ক্লাব বার্সেলোনা জানিয়েছে, মেসির সঙ্গে তাদের বন্ধন অবিচ্ছেদ্য।
গতকাল স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনর। রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৩৯ বছর বয়সি মেসি এই স্বীকৃতি পেলেন অসাধারণ ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তার দাতব্য কাজের জন্য।
এই পুরস্কারটি মেসির জন্য একটু বিশেষও বটে। ঐতিহাসিকও বলা যায়। তার আগে কোনো ফুটবলার এই পুরস্কার জিততে পারেননি। এই পুরস্কারের ক্রীড়া বিভাগে ব্যক্তিগতভাবে সম্মাননা পাওয়া প্রথম ফুটবলার মেসি। পুরস্কার ঘোষণার সময় বিচারকমণ্ডলী তার দীর্ঘদিনের ধারাবাহিকতা, বিনয়, দলীয় ফুটবলের প্রতি অঙ্গীকার এবং মাঠের বাইরের মানবিক উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল।
মেসির এই অর্জন ছুঁয়ে গেছে তার সাবেক ক্লাব বার্সেলোনাকেও। মেসির এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছে বার্সেলোনা। ক্লাবটি বলেছে, তার অসাধারণ প্রতিভা মাঠে ও মাঠের বাইরে স্থায়ী ছাপ রেখে গেছে। খেলাধুলার প্রতি নিষ্ঠা ও সংহতির কারণে তিনি বিশ্ব ফুটবলে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
বার্সেলোনার বার্তায় আরো উঠে এসেছে তাদের দীর্ঘ সম্পর্কের কথা। ক্লাবটির ভাষ্য, সাফল্যে ভরা মেসির ক্যারিয়ারে বার্সেলোনা ছিল তার জীবন ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই ঘনিষ্ঠ বন্ধন ক্লাবের ঐতিহ্যের অংশ হয়ে থাকবে, আর মেসির সঙ্গে সম্পর্ক তাদের কাছে সব সময়ই গর্বের।
মেসির সঙ্গে বার্সেলোনার নাড়ির সম্পর্ক। এই ক্লাবই তাকে চিনিয়েছে মেসি হিসেবে। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত মূল দলের হয়ে খেলেছেন ১৭টি মৌসুম। ক্লাবটির হয়ে ৭৭৮টি আনুষ্ঠানিক ম্যাচে করেছেন ৬৭২ গোল, জিতেছেন ৩৫টি শিরোপা—যার মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগা।
বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ঘুরে এখন ইন্টার মিয়ামিতে খেলছেন মেসি। তবে ক্লাব বদলালেও কাতালানদের সঙ্গে তার আবেগের সম্পর্ক মুছে যায়নি। স্পেনে ফিরে পুরস্কার গ্রহণের আগে মেসিও বলেছিলেন, বার্সেলোনা ও শহরটির প্রতি তার ভালোবাসা সব সময়ই বিশেষ থাকবে। নতুন এই সম্মাননা তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়, বার্সেলোনার ইতিহাসে তার অমলিন অধ্যায়েরও আরেকটি স্বীকৃতি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

