হারিসের ব্যাটে সেঞ্চুরির হাসি

হারিসের ব্যাটে সেঞ্চুরির হাসি

বিপিএল খেলার ফলে বাংলাদেশের কন্ডিশন ও বোলারদের সম্পর্কে ভালো ধারণা আছে মোহাম্মদ হারিসের। সেটাই তিনি কাজে লাগিয়েছেন তৃতীয় টি-টোয়েন্টিতে। খেলেছেন অপরাজিত ১০৭ রানের ইনিংস। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৭ ছক্কার মার। সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের ৭ উইকেটের বড় জয়ে হয়েছেন ম্যাচসেরা।

এই তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। নিজের এই ইনিংস প্রসঙ্গে পাকিস্তানি উইকেটকিপার কাম ব্যাটার বলেন, ‘আমি পিএসএলের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। এই ইনিংসে আমি এলোপাতাড়ি কোনো স্ট্রোক খেলিনি। প্রপার ক্রিকেটিং শটগুলোই খেলার চেষ্টা করেছি। এই ফরম্যাটে দ্রুতগতিতে স্ট্রাইকরেট বাড়িয়ে খেলাটা সময়ের দাবি। আমি সেই চেষ্টাই করেছি। ম্যাচটা আমার ভালো কেটেছে। দুটি ক্যাচও ধরেছি।’

বিজ্ঞাপন

অন্য উইকেটকিপারদের চেয়ে হারিস একটু শান্তশিষ্ট স্বভাবের। ম্যাচ সেরার ট্রফি হাতে নিয়ে এই প্রসঙ্গে হারিস বলেন, ‘আমরা আমাদের বোলারদের যথাযথ পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে বলি। আর তাই উইকেটের পেছনে থেকে অপ্রয়োজনীয় ভঙ্গিতে কিচিরমিচির করতে হয় না।’

সামনের জুলাইয়ে ফিরতি সফরে বাংলাদেশে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে হারিসকে সেই সফরেও পাকিস্তান দলে দেখা যেতে পারে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন এই ডানহাতি ব্যাটার। ২০২৫ সালে দুর্বার রাজশাহী দলে ছিলেন। এর আগে ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন। দুই আসর মিলিয়ে ১৪ ম্যাচ খেলেছেন। এই তিন মৌসুমে বিপিএলে তার রান ২৩১।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন