উইম্বলডনের ২০২৫ সালের আসর এসে ঠেকেছে সেরা চারে। অর্থাৎ সেমিফাইনালের লড়াইয়ে নামতে যাচ্ছেন সেরা চার তারকা। কোয়ার্টারের জমজমাট লড়াই শেষে সেমিতে উঠেছেন কার্লোস আলকারাজ, টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচ। আসর শুরুর আগে এই চারজনকেই ধরা হচ্ছিল ফেভারিট, কোর্টে সেটার প্রমাণ দিয়ে শেষ চারে পা রাখলেন তারা।
প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন স্পেনের কার্লোস আলকারাজ ও যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। উইম্বলডনের সেন্টার কোর্টে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে তারা। অন্য ম্যাচে লড়বেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ ও র্যাংকিংয়ের নাম্বার ওয়ান ইতালির ইয়ানিক সিনার। রাত ৮টা ১০ মিনিটে লড়াইয়ে নামবেন এই দুজন। দ্বিতীয়বারের মতো এই আসরে সেমিফাইনালে জোকোভিচের মুখোমুখি হবেন সিনার। এর আগে ২০২৩ সালের আসরে সেমিতেই হেরে বিদায় নিয়েছিলেন ইতালীয় তারকা। তার সামনে আজ প্রতিশোধ নেওয়ারও সুযোগ।
কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ইতালির ফ্লাভিও কোবোল্লিকে তিন ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে সেমির টিকিট কেটেছেন। অল ইংল্যান্ড ক্লাবে এ নিয়ে রেকর্ড ১৪ বার সেমিফাইনালে উঠলেন ২৪ গ্র্যান্ডস্ল্যাম জয়ী ৩৮ বছর বয়সি জোকোভিচ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

