আজ শুরু হচ্ছে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ের মূল লড়াই। প্রথমদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের মেয়েরা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে স্কটল্যান্ড লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে।
তবে বাংলাদেশের নারীরা মাঠে নামবে আগামীকাল বৃহস্পতিবার। একই সময়ে লাহোর সিটিতে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের মাটিতে ছয়টি দল লড়াই করবে। লিগ পর্বের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের নারী বিশ্বকাপ। খেলা ওয়ানডে ফরম্যাটে।
স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাছাইপর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড। এখান থেকে সেরা দুদল খেলবে বিশ্বকাপে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
নারী বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি পাকিস্তান ‘এ’ দল। তাদের ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির ব্রিগেড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

