সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের দারুণ ব্যাটিংয়ে বড় জয় পাওয়া লাল-সবুজের প্রতিনিধিদের সামনে আজ লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৯টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ দল। ফলে লাল-সবুজ একাদশে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। তার বদলি হিসেবে একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকবেন পেসার নাহিদ রানা। এ ছাড়া একাদশে সুযোগ পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতার কারণে বিমানবন্দরে প্রায় আড়াই দিন আটকে ছিলেন নাহিদ-রিশাদ। ফলে, ম্যাচের আগের দিন বিমানবন্দর থেকে টিম হোটেলে যোগ দেওয়া রিশাদ-নাহিদকে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদের একাদশে দেখা যেতে পারে।
এ ছাড়া নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকারের সামনেও সুযোগ আছে দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পাওয়ার। গত ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি ওপেনার তানজিদ তামিম। তার জায়গায় সৌম্য কিংবা শান্তর সুযোগ হতে পারে একাদশে। এ ছাড়া বাংলাদেশ একাদশে পরিবর্তনের সুযোগ খানিকটা কমই। এই নিয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। এর আগে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সামনে। তারাও নিজেদের একাদশে আনতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হারা আরব আমিরাত সেখানেই দুই-একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজাতে পারে। শেষ পর্যন্ত একাদশে পরিবর্তন এনে স্বাগতিকরা ম্যাচ নিজেদের করে নিতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

