অবসরের গুঞ্জনকে পেছনে ফেলে আরও এক দফা আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লুকা মদরিচ। ৪১ বছরে পা দিতে যাওয়া ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার নতুন মৌসুমেও জাতীয় দলের জার্সিতে খেলবেন।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে হতাশাজনক সময় কাটানোর পর মদরিচের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়ার বিদায়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে দেশের জার্সি এখনই তুলে রাখছেন না তিনি।
ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন শনিবার জানিয়েছে, সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে স্লাভেন বিলিচের দলে থাকছেন মদরিচ। সোমবার ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ দল। ফিট থাকলে আসন্ন নেশনস লিগের পুরো অভিযানেই জাতীয় দলের হয়ে খেলার সম্মতি দিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
আগামী সপ্তাহেই ৪১ বছরে পা দেবেন মদরিচ। এরই মধ্যে ২০২৬-২৭ মৌসুমে এসি মিলানে থাকার সিদ্ধান্তও নিশ্চিত করেছেন তিনি। ফলে ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়েই আরও একটি মৌসুম দেখা যাবে ক্রোয়েশিয়ার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে।
বিশ্বকাপে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-১ গোলের জয়ের ম্যাচেও মাঠে ছিলেন মদরিচ। সেই ম্যাচের পর বিদায় নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি তিনি। এবার জাতীয় দলে থাকার সিদ্ধান্তে পরিষ্কার হলো, মদরিচের ফুটবল অধ্যায় এখনই শেষ হচ্ছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

