জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহের বিপক্ষে সেঞ্চুরি করেছেন খুলনার মোহাম্মদ মিঠুন এবং নুরুল হাসান সোহান। অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে একাই লড়েছেন এসএম মেহরব। আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
খুলনায় মিঠুন-সোহানের সেঞ্চুরি
খুলনায় ময়মনসিংহের বিপক্ষে সেঞ্চুরি করেছেন স্বাগতিক দলের মোহাম্মদ মিঠুন এবং নুরুল হাসান সোহান। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭৩ রানে ৪ উইকেট হারায় খুলনা। পরে পঞ্চম উইকেটে ১৬৭ রানের জুটি গড়েন মিঠুন ও সোহান। তাদের ব্যাটে শুরুর চাপ সামলে দিন শেষে খুলনার সংগ্রহ ৮ উইকেটে ২৮০ রান।
১১৯ রানের ইনিংস খেলেন মিঠুন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১৭তম সেঞ্চুরি। মিঠুনের সঙ্গে বড় জুটি গড়া সোহান দিনের শেষভাগে পৌঁছে যান প্রথম শ্রেণিতে ত্রয়োদশ সেঞ্চুরিতে। ১০৪ রানে অপরাজিত আছেন তিনি।
মেহেরবের ব্যাটে রাজশাহীর লড়াই
বগুড়ায় ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় রাজশাহী-রংপুর ম্যাচ। ব্যাটিংয়ে নেমে শুরুতে ৪২ রানে ৫ উইকেট হারায় রাজশাহী। সেখান থেকে দলকে একাই টেনে নিচ্ছেন এসএম মেহেরব।
সপ্তম উইকেটে নিহাদ উজ জামানকে নিয়ে অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন এই অলরাউন্ডার। তাদের ব্যাটে ১৫৫ রানে ৬ উইকেট নিয়ে দিন শেষ করে রাজশাহী। ৮২ রানে অপরাজিত মেহেরব। নিহাদ অপরাজিত ২৮ রানে।
মুরাদের ৪ উইকেট
প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমে শুরুটা দারুণ করলেন হাসান মুরাদ। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার। তার সঙ্গে অফ স্পিনার আশরাফুল হাসান ৩ উইকেট নিলে ২১৮ রানে গুটিয়ে যায় সিলেট।
শুরুতে বিপর্যয়ে পড়ে আশরাফুল হাসানের ৫১ এবং সৈয়দ খালেদ আহমেদের ২৮ রানে ভর করে ২১৮ রানে পৌঁছায় সিলেট।
দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। শেষ ওভারে আসাদুল্লাহ আল গালিবের বলে আউট হয়ে যান ২৮ রান করা সাদিকুর। ৩৫ রানে অপরাজিত জয়।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা-বরিশাল ম্যাচটিতে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিন টস করা সম্ভব হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

