কেন্ট হতাশ হলেও বিসিবির প্রধান্য হাসানের 'ওয়ার্লোড'

কেন্ট হতাশ হলেও বিসিবির প্রধান্য হাসানের 'ওয়ার্লোড'

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে আছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে ৪টি ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছেন টাইগার এই পেসার। চলতি মৌসুমে কেন্টের হয়ে আরও দুটো ম্যাচ খেলার কথা ছিল হাসানের। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

কাউন্টির ভিডিশন-২ এ আর দুটো ম্যাচ আছে কেন্টের। এই দুই ম্যাচে ভালো ফল পেলে ডিভিশন ওয়ানে ফেরার ভালো সুযোগ ছিল দলটির। এমন গুরুত্বপূর্ণ সময়ে হাসানকে হারিয়ে যারপরনাই হতাশ কেন্ট। তবে বাস্তবতা মেনে নিচ্ছে দলটি।

হাসানকে হারানোর প্রসঙ্গে কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ লড়াইয়ে হাসানকে হারিয়ে আমরা হতাশ। তবে বিসিবির সঙ্গে গঠনমূলক আলোচনার পর নেওয়া এই সিদ্ধান্তকে আমরা সম্মান করি। শীত মৌসুমের জন্য তাকে শুভকামনা জানাই।’

চলতি মৌসুমে হাসানের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে কুক বলেন, 'কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ভাইটালিটি ব্লাস্ট মিলিয়ে সাত ম্যাচে ৩০ উইকেট নেওয়া হাসানের পুরো মৌসুমের অবদানের জন্য ক্লাবের সবাই তাকে ধন্যবাদ জানায়।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবির ছাড়পত্র পেয়েছিলেন হাসান। তবে নির্দিষ্ট সময়ের আগে হাসানকে ফেরানোর পেছনে ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে প্রাধান্য দিচ্ছে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের এক সূত্র জানিয়েছে, গত এপ্রিল থেকে টানা খেলার মধ্যে রয়েছেন হাসান। সামনে বাংলাদেশ দলেরও ব্যস্ত সূচি রয়েছে। সে কারণে এই সময়ে হাসানকে বিশ্রাম দিতে চায় বোর্ড। আপাতত দেশে ফিরে েই পেসার এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বলেও জানা গেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা হাসানের। এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা হাসানের এই সিরিজগুলোর অধিকাংশ ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে।

হাসান চলে এলেও কাউন্টির শেষ দুই ম্যাচের জন্য আরেক টাইগার পেসার খালেদ আহমেদকে পাচ্ছে কেন্ট। মৌসুমের শেষ দুটি ম্যাচেই ঘরের মাঠে খেলবে কেন্ট। মঙ্গলবার শুরু হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ তলানির দল ল্যাঙ্কাশায়ার, এরপর খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন