২০২৫ সালটা সুখকর হয়ে এসেছে হ্যারি কেন, পিএসজি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। এ বছর ক্যারিয়ারের প্রথম দলীয় শিরোপা জিতেছেন হ্যারি কেইন- বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান বুন্দেসলিগা। পিএসজি জিতেছে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। অন্যদিকে প্রথমবারের মতো আইপিএল জেতার স্বাদ পেয়েছে বেঙ্গালুরু। একই পথে হেঁটে এবার শিরোপা খরা ঘুচাতে চান দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন মার্করাম।
১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের (বর্তমান চ্যাম্পিয়নস ট্রফি) শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। এরপর গত ২৭ বছরে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল খেলেও আর শিরোপা জিততে পারেনি প্রোটিয়ারা। সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় দলটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। যেটা আরও একটি সুযোগ আফ্রিকান জায়ান্টদের জন্য। আসন্ন ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলে শিরোপা উঁচিয়ে ধরতে চান মার্করাম।
এক সাক্ষাৎকারে মার্করাম বলেন, ‘বছরের অন্যান্য ইভেন্টগুলোর কথা যদি বলি, সেসব নিয়ে আমাদের দলে তেমন আলোচনা হয় না। তবে আশা করি এই ধারা অব্যাহত থাকবে। দল হিসেবে আমরা অনেক বছর ধরেই সফলতার পেছনে ছুঁটছি।’
মার্করাম আরও বলেন, ‘তিন সংস্করণেই আমরা উন্নতি করেছি। আমরা বেশ কয়েকবার শিরোপা জয়ের খুব কাছে ছিলাম। কিন্তু পারিনি। এবার টেস্ট চ্যম্পিয়নশিপের ফাইনালে ভালো অবস্থানে যেতে পারলে আমরা শিরোপা জয়ের জন্য সবটুকু চেষ্টাই করব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

