‘ব্রান্ডেড’ ক্রিকেট নয়, লিটনের চাওয়া পারফরম্যান্স

‘ব্রান্ডেড’ ক্রিকেট নয়, লিটনের চাওয়া পারফরম্যান্স

অধিনায়ক লিটন দাসের কাছে প্রশ্ন ছিল তার ব্যাটিং অর্ডার নিয়ে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগেই জানিয়েছিলেন লিটনকে বিবেচনা করা হচ্ছে তিন নম্বর পজিশনের জন্য। লিটন উত্তর দিলেন, ‘এ মুহূর্তে কী চাই, আমার কী পছন্দ। টি–টোয়েন্টি সংস্করণে এ জিনিসটা দেখতে চাই না। টিম যেখানে যাকে বলবে, সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়।’

বিজ্ঞাপন


এর মধ্যেই লিটন জানান, দলের সবার কাছে তার চাওয়া থাকবে প্রতিটি জয়ে সবার থাকুক সমান অবদান। তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট ব্রান্ডের ক্রিকেট খেলার চেয়ে প্রত্যেক ক্রিকেটার যদি বোঝে যে দল আমার কাছে এই জিনিসটা চাচ্ছে, তাহলে আমাদের ফল বেশি হবে।’ লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়ায় বিশ্বকাপে ভালো কিছু উপহার দেওয়ার আশাটাও দেখাচ্ছেন লিটন। তার কথায়, ‘অনেক আশাবাদী এটা নিয়ে যে, দীর্ঘমেয়াদি একটা চিন্তা থাকবে। আমার হাতে যে ক্রিকেটাররা আছে, (বিশ্বকাপে) আমরা ভালো কিছুই উপহার দিতে পারব।’


সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানখরায় ভোগা লিটন অধিনায়কত্বকে নিতে চান না বাড়তি চাপ হিসেবে। বরং ইতিবাচক হিসেবে নিয়ে ফর্মে ফিরতে মরিয়া। তার কথায়, ‘চাপের কিছু নেই। প্লাস পয়েন্ট হতেও পারে। নতুন সুযোগ এসেছে। ইতিবাচক চিন্তার চেষ্টা করব যেন ফল আমার পক্ষে আসে।’ অধিনায়কের দায়িত্ব বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন- সেটা উল্লেখ করে তার ভাষ্য ছিল, ‘আমি লম্বা সময় অধিনায়কত্ব করিনি, তাই আমার এটা ফিল হয়নি যে অধিনায়কত্ব করা কঠিন। লং টাইম করলে হয়তো একটা ফিল হবে। তবে বাহবা এবং সমালোচনা দুটো নিয়েই চলতে হবে।’


এছাড়া তার কথায় ছিল সিনিয়রদের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গও। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সিনিয়রদের দায়িত্ব নেওয়ার কথাও বলেন লিটন, ‘বাংলাদেশ দল এগিয়ে যেতে সবচেয়ে বড় দায়িত্ব ক্রিকেটারদের। আমরা ভালো খেললেই দল এগিয়ে যাবে। বিসিবির চেয়ে তাই ক্রিকেটারদের সঙ্গে বেশি আলাপ করতে হবে যে কী করতে হবে, কীভাবে ভালো করা যায়।’


লিটনের পূর্ণকালীন অধিনায়কত্ব মিশন শুরু হবে আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে। ১৭ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি ১৯ মে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন