জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার ভিয়ান মুল্ডারের সামনে সুযোগ এসেছিল ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ভাঙার। তবে সেই পথে যাননি প্রোটিয়া অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার লারার রেকর্ডের প্রতি সম্মান জানাতেই ৩৬৭ রানে অপরাজিত থেকে যান মুল্ডার। তবে যার রেকর্ডে ভাঙা নিয়ে এত হইচই, সেই লারা বললেন ভিন্ন কথা। তার মতে, মুল্ডারের উচিত ছিল রেকর্ডটি ভাঙার চেষ্টা করা।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়ার পথে ছিলেন মুল্ডার। দ্বিতীয় দিনের লাঞ্চে ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করেন তিনি। তাতে ৩৩ রানের জন্য ছুঁতে পারেননি ব্রায়ান লারার ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে গড়া অপরাজিত ৪০০ রানের বিশ্বরেকর্ড। মুল্ডারের এমন কাণ্ডের পর লারার ভাষ্য কী ছিল? দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সুপারস্পোর্টকে সেটা জানিয়েছেন মুল্ডার।
মুল্ডার বলেছেন, ‘পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, তিনি লিগ্যাসির জন্য খেলেছেন, তাই উচিত ছিল রেকর্ডটি ভাঙার চেষ্টা করা। তিনি উপদেশ দিয়েছেন, ‘রেকর্ড তো ভাঙার জন্যই, আর ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে, সেদিন যেন আমি তার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি।’
তবে লারার কথা শুনেও নিজের মত বদলাননি মিল্ডার। তিনি নিজের ভাবনাতেই অটল, ‘এটা তার দৃষ্টিভঙ্গি। আমি এখনো বিশ্বাস করি আমি সঠিক কাজটাই করেছি। আমার কাছে খেলাটার প্রতি সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ মূলত নিজের মত ও কোচের চাওয়াতেই ইনিংস ঘোষণা করেছেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডও নাকি তাকে বলেছিলেন, ‘এই বিশাল স্কোরগুলা কিংবদন্তিদের জন্যই রেখে দাও।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

