পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষে শনিবার (২৬ এপ্রিল) নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। বেলা সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী হিমালয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি।
প্রথমবারের মতো কাবাডি টেস্ট সিরিজ খেলতে গত ১৯ এপ্রিল নেপাল যায় বাংলাদেশ নারী কাবাডি দল। নেপালের মেয়েদের জন্যও এটা ছিল প্রথম কাবাডি টেস্ট সিরিজ। ৩-২ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। হারলেও এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে শ্রাবণীর, বৃষ্টিরা।
প্রথম ম্যাচে ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয় তারা। তবে শেষ পর্যন্ত ২৯-২২ পয়েন্টে হেরে যায় অতিথিরা। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৬-২৩ পয়েন্টে নেপালকে হারিয়ে পাঁচ ম্যাচের কাবাডি সিরিজ জমিয়ে তোলে তারা।
কিন্তু চুতর্থ ম্যাচ হেরে সিরিজ জয়ের লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় নেপাল। সিরিজের শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ। ২৮-২৩ পয়েন্টে নেপালকে হারায় সফরকারী দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

