বর্ণবাদের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করলেন ফ্লিক

স্পোর্টস রিপোর্টার

বর্ণবাদের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করলেন ফ্লিক
হান্সি ফ্লিক

বার্সেলোনাকে গেতাফের রুখে দেওয়ার রাতে মাথাচাড়া দিয়েছে বর্ণবাদ বিতর্কও। গ্যালারির দর্শকদের বর্ণবাদী আচরণের জন্য বিরতির পর কিছুক্ষণ খেলা বন্ধও ছিল। লড়াই শেষে বার্সার রক্ষণভাগের তারকা আলেজান্দ্রো বালদে অভিযোগের সুরে জানান, গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।

স্প্যানিশ টিভি ‘মুভিস্টার’কে বালদে বলেন, ‘দর্শকরা আমাকে কয়েকবার বর্ণবাদী আক্রমণ করেছে। এমন কিছু ঘটা খুবই দুঃখজনক। আমি প্রথমার্ধেই রেফারিকে বিষয়টি বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগ প্রটোকল কার্যকর করেছেন। তবে এটা ঠিক কীভাবে কাজ করে আমি জানি না।’

বার্সা কোচ ফ্লিক তো বর্ণবাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে বলেন, ‘ফুটবলে বা দৈনন্দিন জীবনে বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না। ওই মানুষগুলোর বাড়িতে থাকা উচিত, ফুটবল মাঠে নয়। আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

লা লিগায় গত কয়েক বছরে বর্ণবাদের ঘটনা ঘটে চলেছে। সবচেয়ে বেশি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গত বছরের জুনে ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের অপরাধে ভ্যালেন্সিয়ার তিন দর্শক পেয়েছেন আট মাসের কারাদণ্ড। স্পেনের ফুটবলে এটাই প্রথম ঘটনা।

চ্যাম্পিয়নস লিগ তো বটেই, স্প্যানিশ সুপার কাপ থেকে কোপা দেল রে- সব জায়গাতেই চলছে বার্সেলোনার আধিপত্য। গোল উৎসব তো করেছেই। স্প্যানিশ সুপার কাপের শিরোপাও ঘরে তুলেছে কাতালানরা। কিন্তু লা লিগায় কেবল ব্যতিক্রম বার্সা। এ যেন এক ভিন্ন দল। স্প্যানিশ লিগে পয়েন্ট হারানোর বৃত্তে যেন আটকে পড়েছে জায়ান্ট ক্লাবটি।

গেতাফের মতো পুঁচকের দলে সঙ্গেও এবার হোঁচট খেয়েছে তারা। যারা কিনা অবনমন অঞ্চলের আশে-পাশে ঘুরপাক খাচ্ছে। স্তাদিও কলোসিয়ামে শনিবার রাতে স্বাগতিক গেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। এ নিয়ে লিগে টানা চার ম্যাচে জয়বঞ্চিত হলো বার্সা। এক ড্র আর দুই হারের পর এবার ফের অমীমাংসিত থেকে তাদের ম্যাচ।

সফরকারী বার্সা অবশ্য ম্যাচের নবম মিনিটেই লিড নিয়েছিল। জুলস কুন্দের গোলে বার্সার জয়ের স্বপ্ন ফিঁকে হয়ে যায় ৩৪ মিনিটেই- মাওরো আরামবারি সমতাসূচক গোল করলে। কিন্তু আর জয়সূচক গোলের সন্ধান পায়নি বার্সা। ড্র করে লিগ শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বার্সেলোনা।

পয়েন্ট হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদও। থেমেছে তাদের টানা ১৫ জয়ের ধারা। লেগানেসের কাছে ১-০ গোলে ধরাশায়ী হয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ২০ ম্যাচে অ্যাতলেতিকোর সংগ্রহ ৪৪ পয়েন্ট। বার্সেলোনা ৩৯ পয়েন্টের পুঁজি গড়েছে ২০ ম্যাচ খেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...