চীনের লিশুই শহরে হবে এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় অংশ নিতে আজ বৃহস্পতিবার রাতেই কর্মকর্তাসহ ২৭ জনের বহরটি চীনের বিমান ধরার কথা বাংলাদেশ স্কেটিং দলের। প্রতিযোগিতায় রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গত বছর চীন থেকে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতে এসেছিলেন লাল-সবুজের জার্সিধারীরা। এবারও পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের। চীনে যাওয়ার আগে বৃহস্পতিবার বাংলাদেশ দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। পদক জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান বলেই জানান স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। তিনি বলেন, ‘গতবার নাবীয়ুন ইসলাম পৃথিবী ৫০০ মিটার স্পিড রেস ও ১০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক আমাদের এনে দিয়েছিল। এবারও আমরা স্বর্ণপদকের প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’ ১০-১২ আগস্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

