৪২ প্রশ্ন : জবাব দেওয়ার সময় দুই সপ্তাহ

উয়েফার কাঠগড়ায় ফিফা সভাপতি ইনফান্তিনো

উয়েফার কাঠগড়ায় ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদানের মতো নানা ইস্যু নিয়ে তীব্র তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বফুটবলের শীর্ষ এই কর্তাকে এবার লিখিত জবাবদিহির মুখোমুখি দাঁড় করিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে ইনফান্তিনোকে সব মিলিয়ে ৪২টি প্রশ্ন পাঠানো হয়েছে এবং উত্তর দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

গত ১৯ অক্টোবর উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে আট পৃষ্ঠার একটি চিঠি পাঠান, যা ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের হস্তগত হয়েছে। চিঠিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ প্রকল্প এবং ফিফার সাম্প্রতিক শাসন ও একতরফা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

উয়েফার চিঠিতে প্রধানত তিনটি বিতর্কিত বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে :

ফিফা কাউন্সিলের অনুমোদন ছাড়াই ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের মালিকানাধীন ‘থ্রাইভ ক্যাপিটাল’-এর কাছে বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে উয়েফা ফিফার সব ধরনের প্রতিযোগিতা বয়কটের হুমকি দিলে শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন ফিফা সভাপতি।

সবশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের পেছনের নিয়ম-কানুন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে এ বিষয়ে টেলিফোনে ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যকার আলাপে কোনো অনৈতিক সুবিধা বা দাবি ছিল কি নাÑতা স্পষ্ট করতে বলা হয়েছে।

নীতিমালার বাইরে গিয়ে হঠাৎ ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করা এবং তা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের তীর ছোড়া হয়েছে।

আট পৃষ্ঠার চিঠিতে উয়েফা স্পষ্ট উল্লেখ করেছে, ফিফা কাউন্সিলে ইনফান্তিনোর দেওয়া মুখে ক্ষমা প্রার্থনা এবং ব্যাখ্যা সন্তোষজনক ছিল না। সিদ্ধান্ত গ্রহণের সময় কীভাবে নিয়ম ও কাউন্সিল সদস্যদের পাশ কাটানো হয়েছে এবং সহায়ক নথিপত্র গোপন করা হয়েছেÑতার লিখিত জবাব দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেস ও সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেখানে পুনঃনির্বাচনের পরিকল্পনা করলেও একের পর এক বিতর্ক এবং উয়েফার কঠোর অবস্থানের কারণে বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন