ম্যানচেস্টারে প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করেছে ভারত। ভালো খেলছিলেন রিশভ পান্তও। কিন্তু ক্রিস ওকসের করা বলে রিভার্স সুইপ করতে গিয়ে বিপদে যান। পায়ে মারাত্মক আঘাত পান। ৩৭ রান নিয়ে প্রথম দিনের খেলার মাঝে মাঠ ছাড়েন। এ কারণে আশঙ্কা করা হচ্ছিল, এ ম্যাচ তো বটেই, সিরিজের বাকি ম্যাচটাও খেলতে পারবেন না।
কিন্তু তেমন কিছু হয়নি। সবাইকে অবাক করে দিয়ে ভাঙা পা নিয়েই ব্যাটিং করে যান। হাঁকান দারুণ এক ফিফটি। ৭৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৫৪ রানের কার্যকর ইনিংস। তার হাফসেঞ্চুরির সুবাদে দ্বিতীয় দিনে এসে ভারতের প্রথম ইনিংস থেমেছে ৩৫৮ রানে।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনের অপরাজিত ব্যাটসম্যান শার্দুল ঠাকুর দারুণ খেলে ফিফটি মিস করেন। সাজঘরে ফেরেন দলীয় স্কোরে ৪১ রান যোগ করে। আর রবীন্দ্র জাদেজা আউট হয়ে যান আরো আগে। তার ব্যাট থেকে আসে ২০ রান। তার সঙ্গে ২৭ রান এনে দেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের পেস ঝড় তোলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৭২ রান খরচ করে তুলে নেন ফাইফার। তার সঙ্গে পেস আক্রমণে দাপট দেখিয়েছেন জোফরা আর্চার। ৭৩ রান দিয়ে তারকা এ পেসার নেন ৩ উইকেট।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ধীরে-সুস্থে এগোচ্ছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। ৩৫ রানে ব্যাটিং করে যাচ্ছেন বেন ডাকেট। তাকে সঙ্গী দিচ্ছেন জ্যাক ক্রলি (২৬)।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৩৫৮/১০, ১১৪.১ ওভার (সুদর্শন ৬১, জয়সওয়াল ৫৮, রাহুল ৪৬, পান্ত ৫৪; স্টোকস ৫/৭২ ও আর্চার ৩/৭৩)।
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৬২/০, ১২ ওভার (ডাকেট ৩৫ ব্যাটিং, ২৬ ব্যাটিং)। অসমাপ্ত
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

