উইম্বলডন জয়ী প্রথম ইতালিয়ান সিনার

উইম্বলডন জয়ী প্রথম ইতালিয়ান সিনার

'প্রিন্স অব ওয়েলস' কেট মিডলটনের হাত থেকে উইম্বলডন চ্যাম্পিয়নের ট্রফি 'রোজওয়াটার ডিশ' গ্রহণ করলেন ইয়ানিক সিনার। মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে উঠল চারপাশ, সেই সঙ্গে রচিত হলো নতুন ইতিহাস। অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম উচিয়ে ধরলেন কোনো ইতালিয়ান পুরুষ খেলোয়াড়। স্পেনের কার্লোস আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে বিজয়ের হাসি হাসলেন 'নাম্বার ওয়ান' সিনার। উৎসবে মাতল টিবার তীরের ইতালিও।

টেনিস র‍্যাংকিংয়ের এক ও দুই নম্বর তারকার লড়াই। জমজমাট লড়াইয়ের সকল উপকরণই প্রস্তুত। প্রথম সেটের প্রথম গেম থেকেই শুরু উন্মাদনা। আলকারাজের সার্ভের জবাব দিতে না পেরে ১-০ তে পিছিয়ে পড়েন সিনার। দ্বিতীয় গেমেই ব্যবধান ১-১। ১ ঘণ্টা ১৬ মিনিট ধরে চলতে থাকা লড়াইয়ের পরের অংশে ধুন্ধুমার সার্ভ-ফোরহ্যান্ড-ভলি! তাতে সেট গড়ায় দশম গেমে। সেখানে ডিউস আদায় করে নিলেও ডবল ফল্টে ধরা খেয়ে ৬-৪ ব্যবধানে সেট খোয়ান সিনার।

দ্বিতীয় সেটের প্রথম গেমে এগিয়ে যান সিনার। প্রথমেই আলকারাজের ডাবল ফল্ট! একপর্যায়ে তৃতীয় পয়েন্ট জিতে ব্যবধান ০-৪০ করে ফেলেন সিনার! সেখান থেকে দুটি ব্রেক পয়েন্ট আদায় করে নেন আলকারাজ, এরপর ১৪০ কিলোমিটার গতির সার্ভ! কিন্তু সিনার সেটি ফিরিয়ে দিলে ফোরহ্যান্ড মিস করেন স্প্যানিশ তরুণ। প্রথম গেম জিতে নেন সিনার। পরের গেমও সিনারের। তৃতীয় গেমে ফিরে ব্যবধান ২-১ করেন আলকারাজ। চতুর্থ গেম জিতেন সিনার। পরের চার গেমে দুই প্রতিদ্বন্দ্বির মাঝে সাপ-বেজি লড়াইয়ে সিনার এগিয়ে থাকেন ৩-৫ গেমে। শেষমেশ সিনারই ৬-৪ ব্যবধানে জিতে নেন সেট।

তৃতীয় সেটে প্রথম গেমে আলকারাজ জেতার পরের গেমেই সমতায় ফেরান সিনার। এভাবে চার গেম ২-২ সমতায় শেষ হওয়ার পর পঞ্চম গেমে এগিয়ে যান আলকারাজ। পরের তিন গেমে সমান সমান লড়াইয়ে সিনার ঘুরে দাঁড়িয়ে স্কোরলাইন ৪-৪ করে ফেলেন। পরের গেমে দুর্দান্ত খেলে একটি ব্রেক পয়েন্টে আদায় করে জিতে যান সিনার। আত্মবিশ্বাসী সিনার পরের গেমে দাঁড়াতেই দিলেন না আলকারাজকে। দুই সেট পয়েন্টে এগিয়ে থেকে দুর্দান্ত এক সার্ভে সেটটা ৬-৪ ব্যবধানে নিজের করে নেন।

চতুর্থ সেটে প্রথমে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়েন আলকারাজ। তৃতীয় গেমে দুটি ডাবল ফল্টই কাল হলো স্প্যানিয়ার্ডের। সুযোগটা কাজে লাগিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যান সিনার। পাঁচ গেম শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-৩, অর্থাৎ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আলকারাজ। লাভ হয়নি। পরের গেমে জিতে শিরোপার আরও কাছে চলে আসেন সিনার। তবে ৭ নম্বর গেমে সার্ভ-ভলির নিপুণতা দেখিয়ে স্কোরলাইন ৩-৪ করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজ। অষ্টম গেমে আলকারাজ ১৫-৪০ ব্যবধানে এগিয়ে গেলেও দুর্দান্ত সার্ভে ডিউস তুলে নেন সিনার, সেই সঙ্গে গেমও! নবম গেমেই আলকারাজের কামব্যাক। তবে দশম গেমেই তিন চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তুলে ৬-৪ স্কোরলাইনে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়ের আনন্দে মেতে ওঠেন সিনার। উইম্বলডনের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে জিতলেন একক শিরোপা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন