সৌদি প্রো লিগে দুর্দান্ত গতিতে ছুটে চলছে আল নাসর। সেই ধারাবাহিকতা ধরে রেখে আল ইত্তিহাদকেও হারাল দলটি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানের গোলে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান দখলে রেখেছে আল নাসর। এ নিয়ে মৌসুমে চার ম্যাচের সবকটিতে জয় তুলে নিল জর্জ জেসুসের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের জানান দেয় আল নাসর। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল আল নাসরের। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় তারা। ৯ মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে সাদিও মানেকে পাস দেন কিংসলে কোম্যান। পেনাল্টি এরিয়া থেকে দারুণ এক ভলি শটে দলকে লিড এনে দেন সাদিও মানে।
এরপর চার মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেড নিলেও সেটি লক্ষ্যে থাকেনি। এক মিনিট পর ব্রোজোভিচের পাস দখলে নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকেন পর্তুগিজ তারকা। এবারও তার নেওয়া শট লক্ষ্যে ছিল না। ১৭ মিনিটে ইত্তিহাদের আক্রমণ রুখে দেন আল নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো।
রোনালদো গোলের দেখা পান ম্যাচের ৩৫ মিনিটে। বক্সের বাঁ প্রান্ত থেকে মানের ক্রস ছয় গজ দূরত্বে পেয়ে দ্রুত হেড নিয়ে জালে জড়ান তিনি। চলতি প্রো লিগ মৌসুমে এটি তার চতুর্থ গোল। এই গোল দিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন রোনালদো। জাতীয় দল ও ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্স ৫ গোল করে তার ওপরে অবস্থান করছেন। এই ম্যাচে ফেলিক্স মিস না করলে আরো এগিয়ে যেতেন।
দুই গোলে এগিয়ে থেকে বিরতির পর মাঠে নেমে আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে আল নাসর। রোনালদো, কোম্যান ও ফেলিক্সরা বক্সে একাধিক সুযোগ পেলেও জালে জড়াতে ব্যর্থ হন। ফলে দুই গোলের জয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয় আল-নাসর। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইত্তিহাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

