শিরোপায় চোখ রেখে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

শিরোপায় চোখ রেখে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ আয়োজন ছিল চমকপ্রদ। তবে মাঠের লড়াইয়ে চমকের ছিটেফোঁটাও দেখাতে পারল না সিকান্দার রাজার দল। তাদের আসর থেকে ছিটকে গিয়ে অনায়াসে ফাইনালের মঞ্চে উপনীত হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আজ বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাবে মিচেল স্যান্টেনারের দলের মুখোমুখি হবে রাসি ভ্যান ডার ডুসেনরা।

ফাইনালের হিসাবনিকাশ চুকে গিয়েছিল গেল সপ্তাহেই, যখন জিম্বাবুয়ে আসর থেকে ছিটকে যায়। বাকি ম্যাচগুলো ছিল দুই দলের প্রস্তুতির। তাতে এগিয়ে গেল নিউজিল্যান্ড। চার ম্যাচ জিতে তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। টুর্নামেন্টে এখনো কিউইদের হারাতে পারেনি প্রোটিয়ারা। ফাইনালের মঞ্চে সেই সুযোগ থাকছে তাদের সামনে। এজন্য অবশ্য তাদের টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে। দুই দলই নতুন কোচের অধীনে প্রথম কোনো শিরোপা জেতার জন্য উন্মুখ হয়ে আছে। দক্ষিণ আফ্রিকার শুকরি কনরাদ এবং নিউজিল্যান্ডের বব ওয়াল্টার দুজনই নতুন।

বিজ্ঞাপন

ম্যাচে অবশ্যই নিউজিল্যান্ড এগিয়ে থাকবে। সবশেষ পাঁচ টি-টোয়েন্টির হিসাব করলে শিরোপা উল্লাস করার কথা কিউইদের। নিউজিল্যান্ডের পাঁচ জয়ের বিপরীতে প্রোটিয়াদের তিন জয় ও দুই হার। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, দুই দল ২০ ওভারের ক্রিকেটে সব মিলিয়ে ১৭ বার মুখোমুখি হয়েছে। তাতে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তাদের জয় ১১টি, নিউজিল্যান্ডের ৬টিতে। এর আগে বহুজাতিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের চারটিতেই জয় ছিল প্রোটিয়াদের। এবার দেখার পালা ফাইনালে কী হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন