দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

দুই দলের শক্তিমত্তার পার্থক্যে বেশ ফারাক। মাঠের লড়াইয়েও দেখা গেল সেটা। হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং। জবাবে ১৪ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারেই ১৪৪ রান তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের ভীতটা গড়েছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুজন তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়েন। লিটন ৫৯ রান করে আউট হন। হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকের আলী ১ বলে কোনো রান করতে পারেননি।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৪৭ রানে হারিয়েছিল ২ উইকেট। এরপর হৃদয়কে নিয়ে ৯৫ রানের জুটি গড়ে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করেন অধিনায়ক লিটন। টি–টোয়েন্টি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা লিটন ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে আউট হয়েছেন।

এই ইনিংসে একটি ছক্কার মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক হলেন লিটন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে লিটনের ছক্কা এখন ৭৮টি। পেছনে পড়লেন ৭৭ ছক্কা মারা মাহমুদউল্লাহ।

এর আগে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সংগ্রহ পায় হংকং। আগের ম্যাচে আফগানদের কাছে হারা হংকং বাংলাদেশকে পেয়েই যেন ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখে। ২০১৪ সালে বাংলাদেশকে হারানোর স্মৃতির পুনরাবৃত্তি করার চেষ্টাই যেন ছিল তাদের ব্যাটে। সেই ধারায় নিজাকাত খান ৪০ বলে ৪২ ও জিশান আলী ৩৪ বলে খেলেন ৩০ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে তাসকিন, সাকিব ও রিশাদ হোসেন নেন দুইটি করে উইকেট।

বাংলাদেশের পরের ম্যাচ শনিবার। আবুধাবিতেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:
হংকং ১৪৩/৭ (২০ ওভারে, জিসান আলী ৩০, নিজাকাত ৪২, ইয়াসিম ২৮, তাসকিন ২/৩৮, তানজিম ২/২২, রিশাদ ২/৩১।
বাংলাদেশ ১৪৪/৩ (১৭.৪ ওভারে, পারভেজ ১৯, তানজিদ ১৪, লিটন ৫৯, তাওহীদ ৩৫* অতিরিক্ত ১৭, আতিক ২/১৪।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: লিটন দাস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন