বিপিএলে রবিবার (১৯ জানুয়ারি) চিটাগং কিংস ও ফরচুন বরিশালের মধ্যকার লো স্কোরিং ম্যাচ দেখল সবাই। কম রানের ম্যাচে ছয় উইকেটের জয়ে শেষ হাসি হেসেছে বরিশাল। দক্ষিণের ফ্রাঞ্চাইজিটির জয়ের নায়ক দাভিদ মালান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পায় চিটাগং। মামুলি লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে দলীয় ৩২ রানেই তিন উইকেট হারায় বরিশাল। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে না পারায় বাড়তি চিন্তা ছিল দলটির।
যদিও মালানের দারুণ ফিফটিতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বরিশাল। ১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫৬ রানে অপরাজিত থাকেন মালান। তার ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল তিন চার ও দুই ছয়ের মারে। এছাড়া ২৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নবি। চিটাগংয়ের হয়ে ২৭ রানে দুই উইকেট নেন খালেদ আহমেদ।
বরিশালের জয়ের কাজটা সহজ করে দেন মূলত দুই পেসার ফাহিম আশরাফ ও রিপন মন্ডল। তাদের বোলিং তান্ডবে চিটাগংয়ের কোনো ব্যাটারই চোখ রাঙাতে পারেননি। ৩৪ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। ২৭ রান আসে আরাফাত সানির ব্যাট থেকে। ৩৪ বল খেলেন তিনি। এছাড়া ১৩ বলে ১৯ রান করেন উসমান খান। ফাহিম ও রিপন সমান তিনটি করে উইকেট নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বরিশালের কাছে পাত্তাই পেল না ঢাকা