জিডি ট্রফি

মিরপুরে অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়

মিরপুরে অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়

মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচটি জিতেছে ৯ উইকেটে। জিডি ট্রফির (গেম ডেভেলপমেন্ট ট্রফি) ১৯০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১.৩ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিনিয়ররা।

বিজ্ঞাপন

আজ টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুবাদের হয়ে লড়াকু ফিফটি উপহার দেন জারিফ সিয়াম; ৭১ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া আহসান আল মুমিন ৪৫ বলে ৩৫ ও মেহেরাব হাসান সিজান ৩৬ বলে ৩৩ রানের ছোট দুটি কার্যকর ইনিংস খেলেন। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বাধীন ইসলাম, নেন তিনটি উইকেট। এছাড়া মহিউদ্দিন তারেক ঝুলিতে পোরেন দুটি উইকেট।

১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি অনূর্ধ্ব-২৩ দলকে। উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন দুই ওপেনার আদিল ও আজিজুল তামিম। প্রথম উইকেটে তারা যোগ করেন ১৩০ রান। ৭৪ বলে ৬৩ রান করে আদিল সাজঘরে ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আজিজুল হাকিম।

আজিজুল হাকিমের চমৎকার ইনিংস ও কালাম সিদ্দিকীর দারুণ ফিনিশিংয়ে ৩১.৩ ওভারেই লক্ষ্য অতিক্রম করে অনূর্ধ্ব-২৩ দল। ৭৯ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন আজিজুল হাকিম। অপর প্রান্তে ৪০ বলে ৩৯ রান করে অপরাজিত ভূমিকা পালন করেন কালাম সিদ্দিকী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন