বুন্দেসলিগায় গোলের সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন হ্যারি কেইন। এরপর মাইকেল ওলিসের হ্যাটট্রিকসহ গোলের বন্যায় ইউনিয়ন বার্লিনকে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ৭-০ গোলের জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থানও ধরে রেখেছে ভিনসেন্ট কোম্পানির দল।
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্দেসলিগায় নিজের ১০০তম গোল পূর্ণ করেন কেইন। মাত্র ৯৮ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছে ৩৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড গড়েছেন নতুন রেকর্ড। এর আগে বুন্দেসলিগায় সবচেয়ে কম ম্যাচে ১০০ গোলের রেকর্ড ছিল ডিয়েটার মুলারের। ১৯৭০ সালে এফসি কোলনের হয়ে ১২৯ ম্যাচে ১০০ গোল করেছিলেন তিনি। কেইন তাঁর চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই গোলের সেঞ্চুরি করেছেন।
শুধু সেঞ্চুরিতেই থামেননি কেইন। ৫৪তম মিনিটে আরও একবার জালের দেখা পেয়ে বুন্দেসলিগায় তাঁর গোলসংখ্যা নিয়ে যান ১০১-এ। ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই জার্মান ক্লাবটির গোলের অন্যতম প্রধান ভরসা তিনি। বায়ার্নে প্রথম বুন্দেসলিগা মৌসুমে ৩৬ এবং পরের মৌসুমে ২৬ গোল করেছিলেন কেইন। এ সময়ের মধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমের বুন্দেসলিগা শিরোপাও জিতেছেন তিনি।
বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগেই ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন কেইন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ১০৪তম ম্যাচে সেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ওই ম্যাচেও বায়ার্ন জিতেছিল ৪-০ গোলে। এর মাধ্যমে একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্রুততম ১০০ গোল করা ফুটবলারদের তালিকায়ও রেকর্ড গড়েন কেইন। তাঁর আগে রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড ১০৫তম ম্যাচে নিজ নিজ ক্লাবের হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। এখন বায়ার্নের হয়ে ১৫৪ ম্যাচে কেইনের গোল ১৫১টি।
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচে বায়ার্নের গোল উৎসব শুরু হয় ১৮ মিনিটে। জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যাওয়ার পর কেইনের পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির ঠিক আগে, ৪৩ মিনিটে ওলিসে নিজের প্রথম গোল করে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় বায়ার্ন। ৫৪ মিনিটে কেইন নিজের দ্বিতীয় গোল করার পর ৭০ মিনিটে স্কোরশিটে নাম লেখান ইসমায়েল সাইবারি। এরপর ৭৩ ও ৭৬ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রয়েছে ফ্রেইবুর্গ ও বরুসিয়া ডর্টমুন্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

