নেইমারের ক্যারিয়ারের প্রধান বাধা ইনজুরি। ইনজুরির কারণে ক্লাব এবং জাতীয় দলের হয়ে অনেক ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে তারকা ফরওয়ার্ডকে। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য বর্তমানে ব্রাজিল দল ব্যস্ত থাকলেও চোটজনিত কারণে জায়গা হয়নি তার। এবার নেইমারের বাজে সময়কে আরও দীর্ঘ করল করোনা।
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার। তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০২১ সালের মে মাসে প্রথম করোনা আক্রান্ত হন নেইমার। সেবার লম্বা বিশ্রাম শেষে মাঠে ফিরেছিলেন এই ফুটবলার।
ওই বিবৃতিতে সান্তোস জানিয়েছে, ‘অসুস্থ বোধ করায় গত ৫ জুন নেইমারের পরীক্ষা নিরীক্ষা করা হয়। রিপোর্টে দেখা যায়, নেইমার করোনা আক্রান্ত হয়েছেন। ক্লাবের চিকিৎসকরা এই বিষয়ে নিশ্চিত হয়েছেন। এরপর থেকেই নেইমার নিজের বাড়িতে অবস্থান করছেন। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন না। সুস্থ হওয়ার জন্য নেইমার চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।’
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছেড়ে গত জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। শৈশবের ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে এই মাসেই। বিভিন্ন গণমাধ্যমের দাবি, এরপর অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবেন ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

