এশিয়ান গেমসের নারী শর্টবোর্ড সার্ফিংয়ে প্রথম রাউন্ডের হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ফাতেমা আক্তার। শুক্রবার সকালে জাপানের আইচি-নাগোয়ার লং বিচে অনুষ্ঠিত রাউন্ড-১-এর ২ নম্বর হিটে তিন প্রতিযোগীর মধ্যে ২.৯২ পয়েন্ট নিয়ে হিট শেষ করেন কক্সবাজারের এই সার্ফার।
হিটে একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট পান ফাতেমা। দ্বিতীয় স্কোরিং ওয়েভে তাঁর স্কোর ছিল ০.৮৩। তবে ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’ পাওয়ায় সেটি কমে দাঁড়ায় ০.৪২ পয়েন্টে। ফলে সেরা দুটি ওয়েভ মিলিয়ে তাঁর মোট স্কোর হয় ২.৯২।
এই হিটে বড় ব্যবধানে সেরা ছিলেন চীনের জিন শুহান। দুই ওয়েভ থেকে ৪.০০ ও ৩.৭৩ পয়েন্ট নিয়ে তাঁর মোট স্কোর ৭.৭৩। ৫.০৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো। তাঁর দুই স্কোর ছিল ২.৭৩ ও ২.৩০।
ফাতেমার সামনে এখন পরের রাউন্ডে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। নারী সার্ফিংয়ের প্রথম রাউন্ডে মোট আটটি হিটে অংশ নিচ্ছেন ২১ জন প্রতিযোগী। প্রথম রাউন্ডের খেলা এখনো চলমান।
নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের বিজয়ীরা সরাসরি রাউন্ড-৩ বা রাউন্ড অব সিক্সটিনে উঠবেন। আর পরাজিতদের খেলতে হবে রাউন্ড-২ বা এলিমিনেটর রাউন্ডে। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে।
এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। সেমিফাইনালের পর শেষ চার প্রতিযোগীর মধ্য থেকেই নির্ধারিত হবে পদকজয়ীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

