সবাই দেখেছে কী হয়েছে: সালাহ

স্পোর্টস ডেস্ক

সবাই দেখেছে কী হয়েছে: সালাহ

বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর সরাসরি রেফারিকে দোষারোপ করেননি মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। তবে তার কথায় স্পষ্ট ছিল বিতর্কিত রেফারিং নিয়ে অসন্তোষের ইঙ্গিত। আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় আফ্রিকার দলটি।

ম্যাচ শেষে সালাহ বলেন, “প্রথমেই বলব, এটা ছিল আল্লাহর ইচ্ছা। ম্যাচের ভাগ্য এবং ফলাফল সেটাই ছিল। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, দ্বিতীয়ার্ধের বড় একটা সময়ও ভালো ছিলাম।”

মিসরের ফরোয়ার্ড মনে করেন, ছোট কিছু ভুলের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যদিও তিনি সরাসরি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের সমালোচনা করতে চাননি।

“আমরা কিছু ছোট ভুল করেছি। আর রেফারিং নিয়ে আমি কিছু বলতে চাই না। সবাই দেখেছে কী হয়েছে। আমার আর কিছু যোগ করার নেই।” বলেন সালাহ।

৩৪ বছর বয়সী এই তারকা বিশেষভাবে দুটি মুহূর্তের কথা তুলে ধরেন, যেগুলো মিসরের মতে ম্যাচের গতিপথ বদলে দেয়। তিনি আরও, “আমাদের একটি গোল বাতিল করা হয়েছে। এছাড়া আমাদের প্রাপ্য একটি পেনাল্টিও দেওয়া হয়নি। এরপরই তারা পাল্টা আক্রমণে গিয়ে গোল করেছে।”

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন কোচও। সেই কথাও জানান সালাহ, “কোচ আমাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি চেয়েছিলেন আমরা আরও অনেক দূর যাই। কিন্তু আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এই বিশ্বকাপে যা অর্জন করেছি, সেটার ওপর ভিত্তি করেই আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ ভবিষ্যৎ আরও ভালো হবে।”

এই ম্যাচে মিসর একসময় ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ দিকে লিওনেল মেসির অনুপ্রেরণায় অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা, জিতে নেয় ৩-২ ব্যবধানে এবং নিশ্চিত করে কোয়ার্টার-ফাইনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...