‘এক্স’ সংকেত দেখিয়ে কী বোঝাতে চেয়েছিলেন মিসরের কোচ? রেফারিং বিতর্কে নতুন প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

‘এক্স’ সংকেত দেখিয়ে কী বোঝাতে চেয়েছিলেন মিসরের কোচ? রেফারিং বিতর্কে নতুন প্রশ্ন

আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মিশর। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং বিতর্ককে ঘিরে। গোল বাতিল, পেনাল্টি না পাওয়া এবং ম্যাচ ‘পাতানো’—এমন অভিযোগের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে মিসরের কোচ হোসাম হাসানের একটি অঙ্গভঙ্গি।

ম্যাচ চলাকালে রেফারির একের পর এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডাগআউট থেকে দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ আকৃতির একটি সংকেত দেখান হোসাম। পরে মাথার ওপরেও সেই সংকেত প্রদর্শন করেন তিনি। এর কিছুক্ষণ পরই ফরাসি রেফারি তাকে হলুদ কার্ড দেখান।

তবে প্রশ্ন উঠেছে, এই সংকেতের অর্থ কী? আর এটি দেখানোর কারণেই কি সতর্ক করা হয়েছে মিসরের কোচকে?

ফিফার বর্ণবাদবিরোধী নতুন প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়, কোচ কিংবা ম্যাচ কর্মকর্তারা মাঠে কোনো ধরনের বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির সংকেত ব্যবহার করতে পারেন।

এমন সংকেত দেওয়া হলে ম্যাচের রেফারি পরিস্থিতি মূল্যায়ন করেন। প্রয়োজন মনে করলে সাময়িকভাবে খেলা বন্ধ রাখতে পারেন। অভিযোগের সত্যতা মিললে এবং বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত কিংবা চরম পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণার ক্ষমতাও রয়েছে রেফারির।

তবে ফিফার বর্তমান নির্দেশিকায় শুধু এই সংকেত প্রদর্শনের কারণে কোনো খেলোয়াড় বা কোচকে হলুদ কার্ড দেখানোর বিধান নেই। ফলে হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো, সেটি নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

এদিকে মিসরের পক্ষ থেকে এখনো স্পষ্ট করা হয়নি, ঠিক কোন ঘটনার প্রতিবাদে হোসাম এই সংকেত দেখিয়েছিলেন। অন্যদিকে ফিফাও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে রেফারিং বিতর্কের পাশাপাশি ‘এক্স’ সংকেত এবং হলুদ কার্ডের ঘটনাও বিশ্বকাপের অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন