ইংল্যান্ড-ভারত

বুমরাহকে নিয়েই ম্যানচেস্টারে নামছে ভারত

বুমরাহকে নিয়েই ম্যানচেস্টারে নামছে ভারত

ইংল্যান্ড শুরু করেছিল জয় দিয়ে। দাপুটে পারফরম্যান্সে লিডস টেস্ট নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। মাঝে অবশ্য হারের তেতো স্বাদ হজম করে ইংলিশরা। তবে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ইংল্যান্ড ফের খুঁজে নেয় জয়ের ট্র্যাক। রোমাঞ্চ আর নাটকীয়তা শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে গেছে ইংল্যান্ড। জয়-পরাজয়ের ব্যবধানটা বাড়িয়ে নিতে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বেন স্টোকসরা। সিরিজের চতুর্থ টেস্ট খেলতে আজ ম্যানচেস্টারে মুখোমুখি হবে দুদল। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস।

বিজ্ঞাপন

লর্ডস টেস্ট জিতে এখন দারুণ আত্মবিশ্বাসী ইংল্যান্ডের ক্রিকেটাররা। জয়ের ধারা তারা ধরে রাখতে চান ম্যানচেস্টারেও। শুধু ম্যাচটাই নয়, ইংলিশরা জিততে চান সিরিজটাও এবং সেটা এক ম্যাচ হাতে রেখেই। তবে সিরিজ জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনেও। বার্মিংহাম টেস্ট জিতে সেই সম্ভাবনা জিইয়ে রেখেছে অতিথিরা। ম্যানচেস্টারে জিতে ভারত সমতায় ফেরাতে চায় সিরিজে। ট্রফি জয়ের দৌড়ে টিকে থাকতে চান শুবমান গিলরা। সিরিজের শেষ ও ওভাল টেস্টকে রূপ দিতে চান ‘অলিখিত ফাইনাল’ হিসেবে। সন্দেহ নেই, সফরকারীদের সেই সুযোগ না দিতেই নিজেদের শতভাগ উজাড় করে দেবেন ইংলিশরা।

ভারতের পেস বোলিং আক্রমণের শক্তি বাড়াতে একাদশে থাকছেন জাসপ্রিত বুমরাহ। খবরটি নিশ্চিত করেছেন পেসার মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসাররা ভুগছেন ইনজুরিতে। ম্যানচেস্টারে পেস আক্রমণে কারা থাকছেন, এ নিয়ে সিরাজ বলেন, ‘এখন পর্যন্ত আমরা কেবল জানি জাসসি (বুমরাহ) ভাই খেলবেন।’

ওল্ড ট্রাফোর্ড যেন অপয়া এক ভেন্যু ভারতের জন্য। এখন পর্যন্ত এ মাঠে ৯ ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি। চারটিতে হার মেনেছে। বাকি পাঁচটি টেস্ট করেছে ড্র। ম্যানচেস্টারে জয়খরাটা এবার কাটাতে চায় ভারত। কিন্তু দলে রয়েছে চোট সমস্যা। দল থেকে বাদ পড়েছেন ব্যাটার রিশভ পান্ত। আর্শদীপ সিং এ ম্যাচে খেলতে পারবেন না। পিঠের চোটের কারণে দর্শক হয়ে থাকতে পারেন আকাশ দীপ। একাদশে ফের সুযোগ পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন