এএইচএফ কাপ হকি

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের শুরু

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের শুরু

ইন্দোনেশিয়ায় চলমান এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে দারুণ জয়ে যাত্রা করেছে বাংলাদেশ। শুক্রবার (১৮ এপ্রিল) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-১ গেলে হারায় কাজাখস্তানকে। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষ তারা। অন্যদিকে, দুই ম্যাচ খেলা কাজাখস্তানের অর্জন ৩ পয়েন্ট। টেবিলে দুই নম্বরে অবস্থান করছে দলটি। বাংলাদেশর পরবর্তী ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে, ২০ এপ্রিল। এরপর ২২ এপ্রিল থাইল্যান্ড আর ২৩ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাঁচ দলের গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনাল খেলবে। এ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে তারা।

কাজাখস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম কোয়ার্টারে গোল পায়নি বাংলাদেশ। পরের কোয়ার্টারে গোল পেলেও ম্যাচে ১-১ সমতায় ফেরে কাজাখস্তান। তবে পরের দুই কোয়ার্টারে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের ছেলেরা। ২৪ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেন আশরাফুল ইসলাম। পিসি থেকে গোল করেন তিনি। ৩৮ মিনিটে নাঈম উদ্দিন গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তার গোলটিও এসেছে পিসি থেকে। ৩৯ মিনিটে ফিল্ড গোল করেন রাকিবুল হাসান। ৪৪ মিনিটে সোহানুর রহমান সবুজ ও ৫৯ মিনিটে আশরাফুল গোল করেন। ম্যাচসেরার পুরস্কার পান সবুজ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন