বাংলাদেশ সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে নিচ্ছে নেদারল্যান্ডস

বাংলাদেশ সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে নিচ্ছে নেদারল্যান্ডস

এক রকম হুট করেই বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পেয়েছে নেদারল্যান্ডস। ভারত তাদের বাংলাদেশ সফর বাতিল না করলে হয়তো বিশ্বকাপের আগে উপমহাদেশের মাটিতে কোনো ম্যাচ খেলার সুযোগ হতো না ডাচদের। সে কারণেই বাংলাদেশ সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবেই দেখছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বিশ্বকাপ প্রস্তুতি হলেও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

সিলেটের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দারুণ স্মৃতি আছে নেদারল্যান্ডসের। দারুণ ওই জয়ের স্মৃতি এক দশকের বেশি পুরোনো হলেও ফের তেমন কিছুই করতে চায় ডাচরা। বাংলাদেশের বিপক্ষে দিতে চায় সেরাটা। এই নিয়ে স্কট এডওয়ার্ডস বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। বিশেষ করে তাদের ঘরের মাঠে। আমরা জানি এই দলের কী কোয়ালিটি আছে। সেটা টপকে যেতে, ম্যাচ জিততে আমাদের ভালো ক্রিকেটটাই খেলতে হবে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে বিবেচনা করা ডাচ অধিনায়ক বলেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটা প্রস্তুতির মঞ্চ হিসেবে দারুণ। বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার পর, এশিয়ার মাঠের অভিজ্ঞতাটা নেওয়া আমাদের মূল লক্ষ্য ছিল। বাংলাদেশের মতো শক্ত দলের বিপক্ষে তাদের ঘরের কন্ডিশনে তিনটা ম্যাচ খেলতে পারাটা আমাদের জন্য সেরা প্রস্তুতিই হবে।’

বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে বিবেচনা করলেও ডাচদের চাওয়া সিরিজ জয়। অধিনায়ক এক রকম হুংকারই দিয়ে রাখলেন। তার কথায়, ‘প্রতিটি সিরিজ সবাই জেতার জন্যই খেলে। আশা করছি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে সিরিজ জেতার একটা সুযোগ আছে।’

তিনি আরো যোগ করেন, ‘আমার মনে হয় স্কোয়াডে আত্মবিশ্বাসটাও বাড়ছে সবার মধ্যে। বিশ্বকাপ আর কোয়ালিফায়ারে আমরা অনেক হাই-প্রেশার ম্যাচ খেলেছি। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সও বলছে, নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে পারি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন